বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির জাতীয় স্থায়ী কমিটিতে চার নেতাকে সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে। দলের সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধি এবং দলীয় সিদ্ধান্তের অংশ হিসেবে তাদের মনোনীত করা হয়েছে বলে জানিয়েছে বিএনপি।
শনিবার (১৫ আগস্ট) বিএনপির পক্ষ থেকে দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিএনপির জাতীয় স্থায়ী কমিটিতে সদস্য হিসেবে মনোনীত নেতারা হলেন—অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ, মো. আমান উল্লাহ আমান, ফরহাদ হালিম এবং মো. ইসমাইল জবিউল্লাহ।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা এবং সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরামে অভিজ্ঞ ও যোগ্য নেতৃত্বের অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী এসব নেতাকে জাতীয় স্থায়ী কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে।
বিএনপি আশা প্রকাশ করেছে, মনোনীত নেতৃবৃন্দ তাঁদের মেধা, অভিজ্ঞতা ও বিচক্ষণতার মাধ্যমে সুচিন্তিত পরামর্শ দেবেন। একই সঙ্গে দল ও জনগণের স্বার্থে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে জাতীয় স্থায়ী কমিটিতে তারা কার্যকর ভূমিকা রাখবেন।
দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম হিসেবে জাতীয় স্থায়ী কমিটি বিএনপির রাজনৈতিক কর্মকৌশল ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে ভূমিকা পালন করে থাকে। নতুন চার সদস্যের অন্তর্ভুক্তির মধ্য দিয়ে এই ফোরামে তাদের অভিজ্ঞতা ও পরামর্শ দলীয় কর্মকাণ্ডে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করছে বিএনপি।
