বিএনপির জাতীয় স্থায়ী কমিটিতে নতুন দায়িত্ব পাওয়া চার নেতাকে নিয়ে প্রধানমন্ত্রী ও দলটির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন তারা। মঙ্গলবার (১৮ আগস্ট) সন্ধ্যায় সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে তাদের এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎ করা চার নেতা হলেন রুহুল কবির রিজভী আহমেদ, আমান উল্লাহ আমান, ফরহাদ হালিম ডোনার ও মো. ইসমাইল জবিহ উল্লাহ। এ সময় স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদও উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন।
এর আগে মঙ্গলবার সকালে রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানান নবনিযুক্ত চার সদস্য। পুষ্পস্তবক অর্পণের পর তারা প্রয়াত দুই নেতার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন।
এ সময় বিএনপির কেন্দ্রীয় নেতা হাবিবুর রহমান হাবিব, মীর সরাফত আলী সফু, ঢাকা উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামানসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
গত ১৫ আগস্ট বিএনপির জাতীয় স্থায়ী কমিটিতে এই চার নেতাকে অন্তর্ভুক্ত করা হয়। দলীয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা এবং দলের সিদ্ধান্ত অনুযায়ী তাদের স্থায়ী কমিটির সদস্য করা হয়েছে।
সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নতুন সদস্যরা। তারা প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশের উন্নয়ন ও দলীয় আদর্শ বাস্তবায়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
রুহুল কবির রিজভী আহমেদ বলেন, বিএনপির রাজনৈতিক দর্শনকে সামনে রেখে বর্তমান সরকার দেশকে এগিয়ে নিয়ে যাবে।
আমান উল্লাহ আমান বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ও জনগণের সম্মিলিত প্রচেষ্টায় দেশে ভোটাধিকার প্রতিষ্ঠিত হয়েছে এবং দেশ ফ্যাসিবাদমুক্ত হয়েছে। বিএনপি জনগণের সরকার হিসেবে মানুষের পাশে থাকবে বলেও মন্তব্য করেন তিনি।
ফরহাদ হালিম ডোনার বলেন, শহীদ জিয়াউর রহমান যে উন্নয়নের ভিত্তি তৈরি করেছিলেন, তার উত্তরসূরি হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমান সেই কার্যক্রম আরও দ্রুত এগিয়ে নিচ্ছেন।
ইসমাইল জবিহ উল্লাহ বিএনপিকে দেশের রাজনৈতিক ঐতিহ্যের অন্যতম ধারক হিসেবে উল্লেখ করে নতুন দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালনের অঙ্গীকার করেন।
দলীয় সূত্র জানায়, বিএনপির সর্বশেষ জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হয় ২০১৬ সালের ১৯ মার্চ। এরপর বিভিন্ন সময়ে স্থায়ী কমিটির কয়েকজন সদস্যের মৃত্যু ও পদত্যাগের কারণে একাধিক পদ শূন্য হয়ে যায়। নতুন চার সদস্য যুক্ত হওয়ার পর জাতীয় স্থায়ী কমিটির মোট সদস্য সংখ্যা দাঁড়িয়েছে ১৬ জনে।
অন্যদিকে, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি নির্বাচনে দলীয় প্রার্থী করা হয়েছে। আগামী ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পর তিনি দলীয় পদ থেকে সরে দাঁড়াতে পারেন বলে জানা গেছে। তার পদত্যাগের পর স্থায়ী কমিটিতেও নতুন করে সাংগঠনিক পরিবর্তন আসতে পারে।
