কারা মহাপরিদর্শক পদ থেকে সরানো হলো ব্রিগেডিয়ার জেনারেল মোতাহের হোসেনকে

কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন্স) ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহের হোসেনকে প্রেষণের দায়িত্ব থেকে প্রত্যাহার করে সেনাবাহিনীতে ফেরত পাঠানো হয়েছে। বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সেনাবাহিনীর এই কর্মকর্তাকে বর্তমান প্রেষণ পদ থেকে প্রত্যাহার করে তার চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে। তবে কারা মহাপরিদর্শকের শূন্য পদে আপাতত নতুন কাউকে দায়িত্ব দেওয়া হয়নি।

কারা অধিদপ্তরের মিডিয়া সেল জানিয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের আদেশ অনুযায়ী ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোতাহের হোসেনকে নিজ বাহিনীতে প্রত্যাবর্তন করানো হয়েছে। এটি সরকারি চাকরির নিয়মিত প্রশাসনিক প্রক্রিয়ার অংশ।

তবে সংশ্লিষ্ট বিভিন্ন সূত্রের দাবি, দেশের বাইরে সেনাবাহিনীর একটি গুরুত্বপূর্ণ পদে মোতাহের হোসেনকে দায়িত্ব দেওয়ার জন্য মনোনয়ন দেওয়া হয়েছে। এ বিষয়ে অবশ্য সরকারি প্রজ্ঞাপনে বিস্তারিত কিছু উল্লেখ করা হয়নি।

২০২৪ সালের ৫ আগস্টের পর রাজনৈতিক পটপরিবর্তনের মধ্যে ১১ আগস্ট তৎকালীন অন্তর্বর্তী সরকার ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহের হোসেনকে প্রেষণে কারা মহাপরিদর্শক হিসেবে নিয়োগ দিয়েছিল।

এক বছরের কিছু বেশি সময় দায়িত্ব পালনের পর এবার তাকে সেই পদ থেকে প্রত্যাহার করে সশস্ত্র বাহিনী বিভাগে ফেরত পাঠানো হলো।