দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯২৫ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, মৃতদের মধ্যে হাম শনাক্ত হওয়ার পর ৯৯ জন এবং হামের উপসর্গ নিয়ে ৮২৬ জনের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার প্রকাশিত স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে জানানো হয়, বুধবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন এলাকায় নতুন করে ৬৮ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।
হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যায় সবচেয়ে এগিয়ে রয়েছে ঢাকা বিভাগ। এ বিভাগে এখন পর্যন্ত ৩৬৫ জনের মৃত্যু হয়েছে। সিলেট বিভাগে মারা গেছে ১৩৭ জন। এছাড়া রাজশাহীতে ৯২, ময়মনসিংহে ৭৪, চট্টগ্রামে ৬৩, বরিশালে ৪৯, খুলনায় ৩২ এবং রংপুরে ১৪ জনের মৃত্যু হয়েছে।
এদিকে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে এক হাজার ৪ জন রোগী চিকিৎসা নিতে এসেছে। তাদের মধ্যে ৯৫০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নতুন ভর্তি রোগীদের মধ্যে ঢাকা বিভাগে ৩০৯ জন, রাজশাহীতে ৩৫, সিলেটে ১৩১, চট্টগ্রামে ২২৮, বরিশালে ১২৪, ময়মনসিংহে ৫৭, খুলনায় ৫৪ এবং রংপুরে ১২ জন রয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, দেশের বিভিন্ন হাসপাতালে এ পর্যন্ত মোট এক লাখ ২৮ হাজার ২৬ জন হাম রোগী ভর্তি হয়েছে। চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে এক লাখ ২৩ হাজার ৬৮৪ জন।
অন্যদিকে, দেশে সন্দেহজনক হাম রোগীর মোট সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ৪৬ হাজার ৭১৫ জনে। গত ১৫ মার্চ থেকে নিয়মিতভাবে হামের সংক্রমণ, মৃত্যু ও হাসপাতালে ভর্তি রোগীদের তথ্য প্রকাশ করে আসছে স্বাস্থ্য অধিদপ্তর।
