জিয়ার মাজারে শ্রদ্ধা জানালেন জহির উদ্দিন স্বপন

বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছেন সদ্য নিয়োগ পাওয়া প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও সাবেক তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

রোববার সকাল ১০টায় রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ জিয়াউর রহমানের মাজারে এ শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাজারেও শ্রদ্ধা জানান তিনি।

শ্রদ্ধা নিবেদন শেষে জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। একই সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা ও কল্যাণ কামনা করা হয়।

এ সময় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে দলের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। জহির উদ্দিন স্বপনের সঙ্গে শ্রদ্ধা নিবেদনে অংশ নেন বরিশাল জেলা ও মহানগর বিএনপির নেতারা।

এ ছাড়া তার নির্বাচনী এলাকা গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও কর্মসূচিতে উপস্থিত ছিলেন। দুই উপজেলার আহ্বায়ক, সদস্যসচিব, পৌর ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এতে অংশ নেন।

পাশাপাশি পার্শ্ববর্তী বিভিন্ন উপজেলার বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদনের কর্মসূচিতে যোগ দেন।

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হিসেবে নিয়োগ পাওয়ার পর জহির উদ্দিন স্বপনের এটি ছিল অন্যতম প্রথম প্রকাশ্য রাজনৈতিক কর্মসূচি। এর আগে তিনি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পালন করেন। মন্ত্রিসভা সম্প্রসারণের পর তাকে মন্ত্রী পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়।