বিএনপি কর্মী মকবুল হোসেন হত্যা মামলায় বাগেরহাট-৪ আসনের সাবেক সংসদ সদস্য মো. আমিরুল আলম মিলনকে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত।
সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম শুনানি শেষে পল্টন মডেল থানায় দায়ের করা এ মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।
মামলার তদন্ত কর্মকর্তা ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) মতিঝিল বিভাগের এসআই মো. তোফাজ্জল হোসেন মিলনকে এ মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। শুনানি শেষে আদালত আবেদন মঞ্জুর করেন।
মকবুল হোসেন হত্যা মামলার এজাহারে আসামিদের তালিকায় ৯৯ নম্বরে রয়েছে সাবেক সংসদ সদস্য আমিরুল আলম মিলনের নাম।
এর আগে ২০২৫ সালের মে মাসে রাজধানী থেকে মিলনকে গ্রেপ্তার করে ডিবি। ওই সময় যুবদল নেতা শামীম হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছিলেন আদালত।
মামলার এজাহার অনুযায়ী, ২০২২ সালের ১০ ডিসেম্বর এক দফা দাবি আদায়ে কর্মসূচি ঘোষণা করে বিএনপি। এর আগে ৭ ডিসেম্বর রাজধানীর নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে ডিবি পুলিশ অভিযান চালায়। এ সময় কার্যালয়ে ভাঙচুরের ঘটনাও ঘটে।
ওই ঘটনার সময় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের আশপাশে থাকা নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ ওঠে। এতে মকবুল হোসেন গুলিবিদ্ধ হন এবং পরে মারা যান।
পরবর্তীতে গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বর মাহফুজুর রহমান নামে এক ব্যক্তি পল্টন মডেল থানায় মকবুল হত্যার ঘটনায় মামলা করেন।
মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ২৫৬ জনকে আসামি করা হয়। তদন্তের ধারাবাহিকতায় এবার ওই মামলায় সাবেক সংসদ সদস্য আমিরুল আলম মিলনকে গ্রেপ্তার দেখানো হলো।
