ওমানে আবার খুলছে শ্রমবাজার, বাংলাদেশ থেকে যাবে ১০ হাজার কর্মী

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ থেকে ১০ হাজার কর্মী নেওয়ার বিষয়ে আগ্রহ দেখিয়েছে ওমান। এর মধ্যে ৫ হাজার কৃষি শ্রমিক ও ৫ হাজার মৎস্যজীবী নেওয়ার বিষয়ে দুই দেশের মধ্যে চুক্তি সই হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। পাশাপাশি বাংলাদেশিদের জন্য ওমানের ভিসা কার্যক্রম পুনরায় চালুর বিষয়েও কূটনৈতিক তৎপরতা অব্যাহত রয়েছে।

বুধবার (৯ সেপ্টেম্বর) ঢাকায় ওমানের রাজপরিবারের সদস্য আল সাইয়িদ মোহাম্মদ সালিম আলি আল সাঈদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং ওমানের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এসব তথ্য জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

শামা ওবায়েদ ইসলাম বলেন, ওমানের কৃষি মন্ত্রণালয়ের সঙ্গে বাংলাদেশের সরকারের আলোচনা হয়েছে। আলোচনার ভিত্তিতে ওমান বাংলাদেশ থেকে ৫ হাজার কৃষি শ্রমিক এবং ৫ হাজার মৎস্যজীবী নেওয়ার কথা জানিয়েছে। সব মিলিয়ে ১০ হাজার কর্মী নেওয়ার বিষয়ে চুক্তিও সই হয়েছে।

তিনি জানান, নিয়োগের পরবর্তী ধাপ এবং কর্মী পাঠানোর প্রক্রিয়া চূড়ান্ত করতে ওমানের একটি প্রতিনিধি দল আগামী মাসে বাংলাদেশ সফর করবে। তারা প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সঙ্গে এ বিষয়ে বিস্তারিত আলোচনা করবে।

এরই মধ্যে ওমানে বাংলাদেশি কৃষি শ্রমিক নিয়োগের জন্য ৫ হাজারের একটি অনুমোদিত কোটা চালু হয়েছে। ওমানের কৃষি অ্যাসোসিয়েশনের নিবন্ধিত সদস্যদের মাধ্যমে বিভিন্ন এলাকায় এ কোটা বণ্টন করে কর্মী নিয়োগের প্রক্রিয়া এগিয়ে নেওয়া হচ্ছে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশিদের জন্য ওমানের শ্রমবাজার পুনরায় উন্মুক্ত করতে সরকার কূটনৈতিকভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে। বিভিন্ন কারণে ওমানের ভিসা কার্যক্রম বন্ধ রয়েছে। বাংলাদেশিরা যাতে আবার নিয়মিতভাবে ওমানে গিয়ে কাজ করতে পারেন, সে বিষয়ে দুই দেশের মধ্যে আলোচনা চলছে।

তিনি বলেন, সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই কারিগরি শিক্ষার ওপর গুরুত্ব দিয়ে দক্ষ কর্মী তৈরির উদ্যোগ নিয়েছে। ওমান সরকারের কাছে দক্ষ অভিবাসনের বিষয়টি তুলে ধরা হয়েছে। বিভিন্ন খাতে আরও বেশি দক্ষ বাংলাদেশি কর্মীর কর্মসংস্থানের সুযোগ তৈরিতে ওমানও আগ্রহ দেখিয়েছে।

এদিকে ওমানের রাজপরিবারের সদস্য আল সাইয়িদ মোহাম্মদ সালিম আলি আল সাঈদের সঙ্গে বৈঠকে বাংলাদেশ ও ওমানের অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার করার উপায় নিয়েও আলোচনা হয়। বাংলাদেশি কর্মীদের জন্য ওমানের শ্রমবাজার উন্মুক্ত করার সম্ভাবনাও আলোচনায় গুরুত্ব পায়।

বৈঠকে আল সাইয়িদ ওমানের উন্নয়ন ও অর্থনৈতিক কর্মকাণ্ডে বাংলাদেশি কর্মীদের অবদানের প্রশংসা করেন। দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট সহযোগিতা আরও বাড়ানোর সুযোগ রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

বৈঠকে ওমানের প্রতিনিধি দলের সদস্যদের পাশাপাশি ঢাকায় দেশটির শার্জ দ্য অ্যাফেয়ার্স ফাতিহা আহমেদ আল বালুশি উপস্থিত ছিলেন।