মেট্রোরেলের ২৭ বেয়ারিং প্যাডে গুরুতর ত্রুটি, ৪৬ পিয়ারে ফাটল

  • নিজস্ব প্রতিবেদক

ঢাকার উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল রুটে ৭৩০টি বেয়ারিং প্যাডে ত্রুটি শনাক্ত হলেও এর মধ্যে মাত্র ২৭টিকে গুরুতর বা ক্রিটিক্যাল হিসেবে চিহ্নিত করা হয়েছে। একই সঙ্গে মেট্রোরেলের ৪৬টি পিয়ারে বিভিন্ন মাত্রার ফাটল পাওয়া গেছে। এসব ত্রুটি নিরসনে নির্দিষ্ট সময়সীমার মধ্যে মেরামত ও প্রতিস্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।

বুধবার (৯ সেপ্টেম্বর) জাতীয় সংসদ অধিবেশনে তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্য আবুল কালামের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব তথ্য জানান।

সংসদ সদস্যের প্রশ্নে স্বাধীন সেফটি অডিট কমিটির প্রতিবেদনের বরাত দিয়ে জানতে চাওয়া হয়, উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল রুটে বেয়ারিং প্যাডের ২৩ দশমিক ২৮ শতাংশ বা ৭৩০টি ত্রুটিপূর্ণ এবং ৪৬টি পিয়ারে ফাটল শনাক্ত হয়েছে কি না। এসব ত্রুটি যাত্রীদের নিরাপত্তার জন্য কতটা ঝুঁকিপূর্ণ এবং তা নিরসনে সরকার কী ব্যবস্থা নিয়েছে, তাও জানতে চাওয়া হয়।

জবাবে শেখ রবিউল আলম বলেন, ৭৩০টি বেয়ারিং প্যাডের সবগুলোকে গুরুতর ত্রুটিপূর্ণ হিসেবে বিবেচনা করা হচ্ছে না। এর মধ্যে ১৪৭টির ত্রুটি তুলনামূলকভাবে কম গুরুতর। আরও ২৯৭টি বেয়ারিং প্যাডের ক্ষেত্রে সমস্যা মূলত স্থাপন ও কাজের মান বা ওয়ার্কম্যানশিপ-সংক্রান্ত। আর মাত্র ২৭টি বেয়ারিং প্যাডকে ক্রিটিক্যাল হিসেবে চিহ্নিত করা হয়েছে।

মন্ত্রী জানান, স্বাধীন সেফটি অডিট কমিটির প্রতিবেদনে মেট্রোরেলের ৪৬টি পিয়ারে বিভিন্ন মাত্রার ক্র্যাক বা ফাটল শনাক্ত হওয়ার তথ্য রয়েছে। এসব ফাটলের ঝুঁকি নিরূপণ এবং প্রয়োজনীয় মেরামতের কৌশল নির্ধারণে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়কে (বুয়েট) স্ট্রাকচারাল কনসালট্যান্ট হিসেবে নিয়োগের প্রক্রিয়া চলছে।

সেফটি অডিট কমিটির সুপারিশ বাস্তবায়নে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) গত ১৬ জুলাই ‘সেফটি অডিট রিপোর্টের সুপারিশ বাস্তবায়ন কমিটি’ গঠন করেছে। কমিটি অডিট প্রতিবেদনে দেওয়া তাৎক্ষণিক সুপারিশগুলো বাস্তবায়নে কাজ করছে।

শেখ রবিউল আলম বলেন, যেসব স্থানে বেয়ারিং প্যাড স্থানচ্যুত হওয়ার ঝুঁকি রয়েছে, সেসবের মধ্যে ১০টি স্থানে ইতোমধ্যে স্টিল ব্র্যাকেট স্থাপন করা হয়েছে। বেয়ারিং প্যাডের সেটেলমেন্ট বা বসে যাওয়ার মাত্রা পরিমাপের জন্য ২৭টি স্থানে সেটেলমেন্ট মার্কার বসানো হয়েছে।

ক্রিটিক্যাল হিসেবে চিহ্নিত ২৭টি বেয়ারিং প্যাড প্রতিস্থাপনের কর্মসূচিও নেওয়া হয়েছে। আগামী ৩০ নভেম্বর ২০২৬-এর মধ্যে এসব প্যাড প্রতিস্থাপনের কাজ শেষ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

এ ছাড়া মেট্রোরেল স্থাপনার পিয়ারে থাকা ফাটল নিয়মিত পরিমাপ ও পর্যবেক্ষণের জন্য ১০২টি স্থানে ‘স্ট্রাকচারাল ক্র্যাক গেজ’ বসানো হচ্ছে। আগামী ৩১ অক্টোবর ২০২৬-এর মধ্যে এসব গেজ স্থাপনের কাজ শেষ করার উদ্যোগ নেওয়া হয়েছে।

মন্ত্রী আরও জানান, মেট্রোরেলের সব স্টেশনের সাবস্টেশন বা উপ-বিদ্যুৎ কেন্দ্রসংলগ্ন কক্ষে ওয়াটারপ্রুফিংয়ের কাজ চলছে। বিদ্যুৎ বিভ্রাটের সময় যাত্রী উদ্ধার এবং নিয়ন্ত্রণ কক্ষের সঙ্গে সমন্বয়ের জন্য বিশেষ জরুরি সেবা ব্যবস্থার লাইভ টেস্টও সফলভাবে সম্পন্ন হয়েছে।

কর্ণফুলী টানেল প্রকল্পে দুদকের তদন্ত

চট্টগ্রাম-১৩ আসনের সংসদ সদস্য সরওয়ার জামাল নিজামের প্রশ্নের জবাবে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী জানান, কর্ণফুলী টানেল নির্মাণ প্রকল্প বাস্তবায়নে মোট ১০ হাজার ২৫৫ কোটি ২৯ লাখ টাকা ব্যয় হয়েছে। প্রকল্পটির নির্মাণ ও বাস্তবায়ন নিয়ে বিভিন্ন প্রশ্ন ওঠায় বিষয়টি দুর্নীতি দমন কমিশন (দুদক) তদন্ত করছে।

মন্ত্রী বলেন, টানেলকে ঘিরে যেসব বিনিয়োগ সম্ভাবনা চিহ্নিত করা হয়েছিল, বিভিন্ন কারণে সেগুলো যথাসময়ে বাস্তবায়িত হয়নি। তবে বর্তমান সরকার টানেলকেন্দ্রিক শিল্পায়ন ও বিনিয়োগের নতুন সম্ভাবনা তৈরির উদ্যোগ নিয়েছে।

নারীদের জন্য আরও ১০০ ইলেকট্রিক বাস

সংরক্ষিত আসনের সংসদ সদস্য শওকত আরা আক্তারের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, বর্তমানে ঢাকা, বগুড়া ও চট্টগ্রামে ১৩টি রুটে ১৪টি মহিলা বাস বা পিংক বাস চলাচল করছে। এই সেবা সারাদেশে সম্প্রসারণের জন্য আরও ১০০টি ইলেকট্রিক ভেহিক্যাল বা ইভি আমদানির কার্যক্রম চলছে।

অন্য এক প্রশ্নের জবাবে তিনি জানান, বর্তমানে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) মোট বাস রয়েছে ১ হাজার ২৯৮টি। এর মধ্যে ১ হাজার ১৭২টি সচল এবং ১২৬টি অচল। এ ছাড়া বিআরটিসির মোট ট্রাক রয়েছে ৫২৫টি, যার মধ্যে ৪৯৪টি সচল।

জাতীয় ও আঞ্চলিক মহাসড়কে ব্যাটারিচালিত রিকশা নিষিদ্ধ

সংরক্ষিত আসনের সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনির প্রশ্নের জবাবে শেখ রবিউল আলম বলেন, সড়ক পরিবহন আইন অনুযায়ী ব্যাটারিচালিত রিকশাকে অযান্ত্রিক যান হিসেবে গণ্য করা হয়। আইন অনুযায়ী জাতীয় ও আঞ্চলিক মহাসড়কে এসব যান চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ।

তিনি জানান, ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে সড়ক ও মহাসড়কে ব্যাটারিচালিত রিকশার চলাচল বন্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সব জেলাকে রেল নেটওয়ার্কে আনার পরিকল্পনা

কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য লুৎফুর রহমানের প্রশ্নের জবাবে রেলপথমন্ত্রী জানান, বর্তমানে দেশে রুট হিসেবে রেলপথের দৈর্ঘ্য ৩ হাজার ৪২৮ কিলোমিটার এবং ট্র্যাক হিসেবে দৈর্ঘ্য ৪ হাজার ৮২৮ কিলোমিটার।

সরকারের নির্বাচনী ইশতেহার ও রেলওয়ে মাস্টারপ্ল্যান অনুযায়ী পর্যায়ক্রমে দেশের সব জেলাকে রেলওয়ে নেটওয়ার্কের আওতায় আনার পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি।

সংরক্ষিত আসনের সংসদ সদস্য শামছুন্নাহার বেগমের প্রশ্নের জবাবে মন্ত্রী আরও জানান, রেলসেবাকে আধুনিক, নিরাপদ ও যাত্রীবান্ধব করতে ২০০টি ব্রডগেজ যাত্রীবাহী কোচ সংগ্রহের পরিকল্পনা রয়েছে। এর প্রথম চালানের ১৯টি কোচ চলতি মাসে পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি আরও ২০০টি মিটারগেজ কোচ সংগ্রহের জন্য উন্নয়ন প্রকল্প প্রস্তাব বা ডিপিপি তৈরির কাজ চলছে।

ওভেন কাপড়ে ৬০ শতাংশ ঘাটতি

চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য রুহুল আমিনের প্রশ্নের জবাবে বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির জানান, দেশে বছরে বস্ত্রের চাহিদা প্রায় ৮০০ কোটি মিটার। এর মধ্যে নিট কাপড়ের চাহিদা ৪০০ কোটি মিটার এবং ওভেন কাপড়ের চাহিদাও ৪০০ কোটি মিটার।

তিনি জানান, দেশে নিট কাপড়ের ঘাটতি প্রায় ১০ শতাংশ হলেও ওভেন কাপড়ের ঘাটতি প্রায় ৬০ শতাংশ।

বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য আব্দুল আলীমের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, বর্তমানে দেশে সরকারি ও বেসরকারি মিলিয়ে মোট ২৬৬টি পাটকল রয়েছে। এর মধ্যে ১৯৩টি চালু রয়েছে।

নারী ও শিশু নির্যাতনের ২৭ হাজারের বেশি মামলা বিচারাধীন

সংরক্ষিত আসনের সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনির প্রশ্নের জবাবে মহিলা ও শিশু বিষয়কমন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেন জানান, বর্তমানে দেশে নারী ও শিশু নির্যাতন সংক্রান্ত ২৭ হাজার ১৮২টি মামলা বিচারাধীন রয়েছে।