কক্সবাজারের উখিয়ায় সাতটি অবৈধ স্থাপনা উচ্ছেদ করে প্রায় চার একর বনভূমি জবরদখলমুক্ত করেছে বন বিভাগ। রোববার (১৩ সেপ্টেম্বর) উখিয়া রেঞ্জের সদর ও দোছড়ি বিট এলাকায় পৃথক অভিযান চালিয়ে এসব স্থাপনা উচ্ছেদ করা হয়।
বন বিভাগ সূত্রে জানা গেছে, উখিয়া সদর বিটের মাসকারিয়া বিল, হাজিরপাড়া ও ৯ নম্বর ওয়ার্ড এবং দোছড়ি বিটের মোহাম্মদ আলীরঘোনা এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
উখিয়া রেঞ্জ কর্মকর্তা মো. আবদুল মান্নানের নেতৃত্বে পরিচালিত অভিযানে বন বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও ইআরটি সদস্যরা অংশ নেন।
অভিযানে অবৈধভাবে দখল করে নির্মাণ করা সাতটি স্থাপনা উচ্ছেদ করা হয়। এর মাধ্যমে প্রায় চার একর বনভূমি দখলমুক্ত করা হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
উখিয়া রেঞ্জ কর্মকর্তা মো. আবদুল মান্নান বলেন, বনভূমি জবরদখলমুক্ত করতে অভিযান অব্যাহত থাকবে।
