- প্রতিবেদন উখিয়া (কক্সবাজার)
কক্সবাজারের উখিয়া ও ঘুমধুম সীমান্তে পৃথক অভিযানে ১৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এর মধ্যে একটি ইজিবাইকে পাচারের সময় এক তরুণীকে আটক করা হলেও অন্য চালানটি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়।
ইজিবাইকে ইয়াবা পাচারের সময় তরুণী আটক
শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে উখিয়ার ঘিঘাতলী ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে ৪ হাজার পিস ইয়াবাসহ রুজিনা আক্তার (২৩) নামে এক তরুণীকে আটক করে বিজিবি।
উখিয়া ব্যাটালিয়নের (৬৪ বিজিবি) অধীনস্থ পালংখালী বিওপির একটি বিশেষ টহল দল এ অভিযান পরিচালনা করে। আটক রুজিনা টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের মনিরমোনা গ্রামের আবদু রহমানের মেয়ে।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পাওয়া যায়, উলুবুনিয়া থেকে পালংখালী বাজারগামী একটি ইজিবাইকে ইয়াবা পাচার করা হচ্ছে। পরে ঘিঘাতলী ব্রিজ এলাকায় চেকপোস্ট বসিয়ে ইজিবাইকটিতে তল্লাশি চালানো হয়।
এ সময় যাত্রী রুজিনার আচরণ সন্দেহজনক মনে হলে মহিলা বিজিবি সদস্য দিয়ে তাঁকে তল্লাশি করা হয়। পরে তাঁর সঙ্গে থাকা সাইড ব্যাগ থেকে নীল রঙের দুটি প্যাকেটে মোড়ানো ৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে রুজিনা সীমান্ত এলাকা উলুবুনিয়া থেকে ইয়াবা সংগ্রহ করে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে কক্সবাজারের দিকে নিয়ে যাচ্ছিলেন বলে স্বীকার করেছেন বলে জানায় বিজিবি।
এ ঘটনায় মূল মাদক সরবরাহকারী ও পাচারকারীদের শনাক্তে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। আটক তরুণীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
ঘুমধুম সীমান্তে পরিত্যক্ত অবস্থায় ১০ হাজার ইয়াবা উদ্ধার
অন্যদিকে, রোববার (১৩ সেপ্টেম্বর) সকালে ঘুমধুম সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় আরও ১০ হাজার পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করে বিজিবি।
কক্সবাজার ব্যাটালিয়নের (৩৪ বিজিবি) অধীনস্থ ঘুমধুম বিওপির একটি টহল দল এ অভিযান চালায়। কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ঘুমধুম বিওপির টহল দল সীমান্ত পিলার-৩১ থেকে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নয়াপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে।
বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা পালিয়ে গেলে ঘটনাস্থলে তল্লাশি চালানো হয়। এ সময় মালিকবিহীন অবস্থায় ১০ হাজার পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
জব্দকৃত ইয়াবার বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বিজিবি। সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ব্যাটালিয়নের অধিনায়ক।
