কক্সবাজারের টেকনাফে চাঁদা দাবির প্রতিবাদ করায় নৈশপ্রহরীকে হত্যার ঘটনায় একজন এবং রামুতে আলোচিত মাইনুদ্দীন রাসেল হত্যা মামলায় ১৪ বছর ধরে পলাতক থাকা একজনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পৃথক অভিযানে র্যাব-১৫ ও জেলা পুলিশের সদস্যরা তাঁদের গ্রেপ্তার করেন।
টেকনাফে নৈশপ্রহরী হত্যা মামলায় গ্রেপ্তার ১
টেকনাফে চাঁদা দাবির প্রতিবাদ করায় নৈশপ্রহরী নাজির হোসেনকে কুপিয়ে ও পিটিয়ে হত্যার ঘটনায় মামলার এজাহারনামীয় ৫ নম্বর আসামি মো. রিদুয়ানকে (২৬) গ্রেপ্তার করেছে র্যাব-১৫ ও জেলা পুলিশ।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাত দেড়টার দিকে টেকনাফ সদর ইউনিয়নের হাবিরছড়া এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাঁকে গ্রেপ্তার করা হয়। রিদুয়ান সদর ইউনিয়নের নতুন পল্লানপাড়া এলাকার মৃত কবির আহমদ প্রকাশ কবির মাঝির ছেলে।
র্যাব-১৫-এর সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
র্যাব জানায়, দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ চাঁদাবাজ চক্র স্থানীয় লোকজনের কাছে চাঁদা দাবি করে আসছিল। এরই ধারাবাহিকতায় গত ৯ সেপ্টেম্বর রাতে টেকনাফ সদর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের নতুন পল্লানপাড়া এলাকায় চাঁদা দাবির প্রতিবাদ করায় স্থানীয়দের ওপর হামলা চালায় চক্রটি।
এ সময় নাজির হোসেন আক্রান্তদের বাঁচাতে এগিয়ে গেলে হামলাকারীরা ধারালো অস্ত্র, কিরিচ ও লোহার রড নিয়ে তাঁর ওপর আক্রমণ করে। গ্রেপ্তার রিদুয়ান লোহার রড দিয়ে নাজির হোসেনের পিঠের শিরদাঁড়ায় আঘাত করেন বলে মামলার বিবরণে উল্লেখ করা হয়েছে। পরে অন্য আসামিরাও দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে এবং বুকে-গলায় পা দিয়ে চেপে ধরে তাঁকে হত্যা করে পালিয়ে যায় বলে অভিযোগ রয়েছে।
হত্যাকাণ্ডের পর আসামিদের গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি বাড়ায় র্যাব ও জেলা পুলিশ। এরই ধারাবাহিকতায় ঘটনার ৪৮ ঘণ্টার মধ্যে রিদুয়ানকে গ্রেপ্তার করা হয়।
র্যাব জানায়, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাঁকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। মামলার অন্য পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
রামুতে ১৪ বছর পর রাসেল হত্যা মামলার আসামি গ্রেপ্তার
অন্যদিকে, কক্সবাজারের রামুতে আলোচিত মাইনুদ্দীন রাসেল হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি মো. শাহজাহানকে (৩১) গ্রেপ্তার করেছে র্যাব-১৫।
শনিবার (১২ সেপ্টেম্বর) রাতে রামুর চেইন্দা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। শাহজাহান দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের চরপাড়া গ্রামের মুরত আলমের ছেলে।
রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে র্যাব-১৫-এর সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
মামলার বিবরণে জানা যায়, ২০১২ সালের ৬ জানুয়ারি কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের মুহুরীপাড়া এলাকার বাসিন্দা মাইনুদ্দীন রাসেলকে লিংক রোড এলাকা থেকে দুর্বৃত্তরা অপহরণ করে নিয়ে যায়। একই দিন সন্ধ্যায় রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ির চর এলাকা থেকে তাঁর ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় রামু থানায় দণ্ডবিধির ৩০২/৩৪ ধারায় হত্যা মামলা দায়ের করা হয়। মামলার পর থেকেই শাহজাহান আত্মগোপনে ছিলেন। আদালত তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলে তাঁকে ধরতে গোয়েন্দা নজরদারি জোরদার করে র্যাব-১৫।
এরই ধারাবাহিকতায় চেইন্দা বাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শাহজাহানকে রামু থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।
