- নিজস্ব প্রতিবেদক
স্থানীয় সরকার ব্যবস্থাকে আরও কার্যকর ও শক্তিশালী করতে নরওয়ের সঙ্গে কারিগরি সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী আবদুল মঈন খান।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সচিবালয়ে নিজ দপ্তরে বাংলাদেশে নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত আরাল্ড গুলব্রান্ডসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ আগ্রহের কথা জানান।
সাক্ষাৎকালে বাংলাদেশের স্থানীয় সরকার ব্যবস্থা, আসন্ন স্থানীয় সরকার নির্বাচন, বিভিন্ন উন্নয়ন প্রকল্পে নরওয়ের কারিগরি সহায়তা এবং স্থানীয় সরকার প্রতিষ্ঠানে নারীর অংশগ্রহণ বাড়ানোসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
এ সময় এলজিআরডি মন্ত্রী বলেন, স্থানীয় সরকার ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে প্রয়োজনীয় সহযোগিতা ও কারিগরি সহায়তা গুরুত্বপূর্ণ। স্থানীয় সরকার পরিচালনা ও উন্নয়নে নরওয়ের অর্জিত অভিজ্ঞতা বাংলাদেশের জন্য কার্যকর হতে পারে।
তিনি স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোতে নারীর অংশগ্রহণ আরও বাড়ানোর প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন।
বৈঠকে নরওয়ের বাংলাদেশ মিশনের ডেপুটি হেড আলেকজান্ডার ফাল্ক-বিল্ডেন, রাজনৈতিক উপদেষ্টা সারোয়ার জাহান চৌধুরী, স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব আবু নছর মোহাম্মদ আব্দুল্লাহসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
