মালয়েশিয়ায় সড়ক পার হতে গিয়ে বাংলাদেশি প্রবাসীর মৃত্যু

  • নিজস্ব প্রতিবেদক

মালয়েশিয়ার সেলাঙ্গর রাজ্যে সড়ক পার হওয়ার সময় গাড়ির ধাক্কায় এক প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। দুর্ঘটনার পর গাড়িচালক ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে। নিহতের পরিচয় এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেনি স্থানীয় পুলিশ।

সোমবার সকালে রাজধানী কুয়ালালামপুরের কাছাকাছি শাহ আলম এলাকার তামান শ্রী মুদা থেকে ক্লাংগামী জালান বুকিত কেমুনিং সড়কে এ দুর্ঘটনা ঘটে।

শাহ আলম জেলা পুলিশ জানিয়েছে, রাস্তা পার হওয়ার সময় একটি গাড়ি ওই বাংলাদেশিকে ধাক্কা দেয়। এতে তিনি মাথা ও পায়ে গুরুতর আঘাত পান। ঘটনাস্থলে পৌঁছে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

শাহ আলম জেলা পুলিশ প্রধান সহকারী কমিশনার সারুদিন সামাহ এক বিবৃতিতে জানান, দুর্ঘটনার পর নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য শাহ আলম হাসপাতালের ফরেনসিক বিভাগে পাঠানো হয়েছে।

পুলিশের তথ্য অনুযায়ী, দুর্ঘটনার পর চালক গাড়ি নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। চালক ও দুর্ঘটনায় ব্যবহৃত গাড়িটি শনাক্ত করতে তদন্ত শুরু করেছে স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

ঘটনাটি মালয়েশিয়ার সড়ক পরিবহন আইন ১৯৮৭-এর ৪১(১) ধারায় তদন্ত করা হচ্ছে। একই সঙ্গে নিহত ব্যক্তির পরিচয় ও দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত অব্যাহত রয়েছে।

এ বিষয়ে কোনো তথ্য থাকলে শাহ আলম জেলা পুলিশ সদর দপ্তরের ট্র্যাফিক তদন্ত কর্মকর্তা ইন্সপেক্টর আব্দুল নাসের পেপিংয়ের সঙ্গে যোগাযোগ করে তদন্তে সহায়তার জন্য পুলিশ অনুরোধ জানিয়েছে। তার যোগাযোগ নম্বর ০১২-২৮৬ ৩৮৭৫।