ভারতে থাকা পলাতক আসামিরা যেন অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে

  • নিজস্ব প্রতিবেদক

ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সঙ্গে বৈঠকে ভারতে অবস্থানরত পলাতক ফ্যাসিবাদের দোসর ও বাংলাদেশের আদালতে দণ্ডপ্রাপ্ত আসামিরা যাতে কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করতে না পারে, সে বিষয়ে সহযোগিতার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।

বৃহস্পতিবার সকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মাহদী আমিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন দীনেশ ত্রিবেদী। বৈঠকে ঢাকায় নিযুক্ত ভারতীয় ডেপুটি হাইকমিশনার পবন বাধেও উপস্থিত ছিলেন।

সাক্ষাতে বাংলাদেশ ও ভারতের দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। দুই দেশের গণতান্ত্রিক পরিবেশ ও মূল্যবোধ আরও সুসংহত করার ওপর গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি পারস্পরিক শ্রদ্ধা, সমতা, ন্যায্যতা ও ন্যায়বিচারের ভিত্তিতে দুই দেশের সম্পর্ককে আরও টেকসই ও মর্যাদাপূর্ণ পর্যায়ে নেওয়ার বিষয়ে আলোচনা করেন তারা।

বিদ্যমান বিভিন্ন সমস্যা ও চ্যালেঞ্জ পারস্পরিক সংলাপ ও সহযোগিতার মাধ্যমে সমাধানের বিষয়েও গঠনমূলক মতবিনিময় হয়।

বৈঠকে দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধির পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য, ক্রীড়া, সংস্কৃতি ও পর্যটন খাতে সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়। একই সঙ্গে ব্যবসা, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের বিষয়েও আলোচনা হয়।

তথ্যপ্রযুক্তি ও উদ্ভাবনের সম্ভাবনা তুলে ধরে বিজ্ঞান ও প্রযুক্তিসহ বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের সহযোগিতা আরও বাড়ানোর সুযোগ নিয়েও মতবিনিময় করেন মাহদী আমিন ও দীনেশ ত্রিবেদী।

বৈঠকে সামগ্রিকভাবে বাংলাদেশ ও ভারতের দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়ন এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে সহযোগিতা জোরদারের বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।