- নিজস্ব প্রতিবেদক
দেশে হামের পরিস্থিতি এখনও উদ্বেগজনক। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে এক হাজার ২৩৯ জন উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসা নিতে এসেছেন। তাদের মধ্যে এক হাজার ১৬২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত বুলেটিনে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে মারা যাওয়া ছয়জনের মধ্যে চারজন ঢাকা বিভাগের, একজন সিলেট বিভাগের এবং একজন চট্টগ্রাম বিভাগের বাসিন্দা।
স্বাস্থ্য অধিদপ্তর গত ১৫ মার্চ থেকে দেশে হাম সংক্রান্ত তথ্য নিয়মিত প্রকাশ করছে। সরকারি হিসাব অনুযায়ী, ওই সময় থেকে এখন পর্যন্ত হামে আক্রান্ত হয়ে ১০০ জনের মৃত্যু হয়েছে। আর হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৯৩৬ জন। সব মিলিয়ে প্রায় ছয় মাসে হামের সঙ্গে সংশ্লিষ্টতায় মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ৩৬ জন।
উপসর্গ নিয়ে মৃত্যুর হিসাবে সবচেয়ে এগিয়ে রয়েছে ঢাকা বিভাগ। এ বিভাগে এখন পর্যন্ত ৪২৩ জনের মৃত্যু হয়েছে। দ্বিতীয় অবস্থানে থাকা সিলেট বিভাগে মারা গেছে ১৬২ জন।
এ ছাড়া রাজশাহী বিভাগে ৯৩ জন, ময়মনসিংহে ৭৭, চট্টগ্রামে ৭১, বরিশালে ৫৭, খুলনায় ৩৯ এবং রংপুর বিভাগে ১৪ জনের মৃত্যু হয়েছে।
গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে ঢাকা বিভাগে ৩৬৭ জন, চট্টগ্রামে ২৬৬, সিলেটে ১৯৩, বরিশালে ১০৯, খুলনায় ৯৮, ময়মনসিংহে ৮১, রাজশাহীতে ২৯ এবং রংপুরে ১৯ জন রয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিতে গেছে এক লাখ ৭৩ হাজার ৯৫৯ জন। তাদের মধ্যে এক লাখ ৫৩ হাজার ২৭৯ জন হাসপাতালে ভর্তি হয়েছে। চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে এক লাখ ৪৭ হাজার ৩৮৬ জন।
এ সময়ে নমুনা পরীক্ষায় ২০ হাজার ২০১ জনের শরীরে হামের সংক্রমণ শনাক্ত হয়েছে।
তবে স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, হাসপাতালে আসা সব রোগী বা হাসপাতালের বাইরে থাকা উপসর্গযুক্ত ব্যক্তিদের সবার হাম পরীক্ষা করা হয় না। ফলে শুধু নমুনা পরীক্ষায় শনাক্ত রোগীর সংখ্যা দিয়ে দেশে হামের প্রকৃত বিস্তারের পূর্ণ চিত্র পাওয়া সম্ভব নয়।
