- নিজস্ব প্রতিবেদক
রাজধানীর লালমাটিয়া এলাকা থেকে পাবনা-২ আসনের সাবেক সংসদ সদস্য খন্দকার মো. আজিজুল হক আরজুকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন স্থানীয় ছাত্রদলের নেতা-কর্মীরা। পরে তাঁকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।
সোমবার রাত সাড়ে ১০টার দিকে লালমাটিয়ার মীনাবাজারের সামনে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার জুয়েল রানা বলেন, স্থানীয় ছাত্রদলের নেতা-কর্মীদের সহযোগিতায় আজিজুল হককে আটক করা হয়। পরে তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তাঁর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলেও জানান তিনি।
পুলিশ সূত্রে জানা গেছে, ধানমন্ডি ২৭ নম্বর এলাকায় মীনাবাজারের একটি কফি হাউসে কয়েকজন নেতা-কর্মীর সঙ্গে বৈঠক করছিলেন আজিজুল হক। বিষয়টি জানতে পেরে স্থানীয় বিএনপি ও ছাত্রদলের নেতা-কর্মীরা সেখানে গেলে দুই পক্ষের মধ্যে বাগ্বিতণ্ডা ও ধস্তাধস্তি হয়। একপর্যায়ে কয়েকজন সেখান থেকে পালিয়ে যেতে সক্ষম হলেও শারীরিক অসুস্থতার কারণে আজিজুল হক পালাতে পারেননি।
পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁকে আটক করে। ধস্তাধস্তির সময় তিনি আঘাত পেয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান বলেন, আজিজুল হকের বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনসহ অন্য কোনো মামলা রয়েছে কি না, তা জানতে তাঁর নির্বাচনী এলাকায় খোঁজ নেওয়া হচ্ছে।
পুলিশ জানিয়েছে, আজিজুল হক হৃদ্রোগে আক্রান্ত। শারীরিক অবস্থার কথা বিবেচনা করে পরিবারের সদস্যদের সহায়তায় পুলিশি পাহারায় তাঁকে চিকিৎসকের কাছে পাঠানো হয়েছে।
মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম বলেন, আজিজুল হকের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
খন্দকার মো. আজিজুল হক পাবনা-২ আসনের সাবেক সংসদ সদস্য। ২০১৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে তিনি এ আসন থেকে নির্বাচিত হন। তাঁর বাড়ি পাবনার আমিনপুর থানার নাটিয়াবাড়ী এলাকায়।
