- পরীক্ষামূলকভাবে ২০ খালকে মডেল হিসেবে গড়ে তোলার পরিকল্পনা
আগামী ১৯ নভেম্বর ‘মডেল খাল’ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশের খালগুলোকে পানি সংরক্ষণ ও নিষ্কাশনের পাশাপাশি কৃষি, মৎস্য ও পরিবেশবান্ধব বিভিন্ন কার্যক্রমের সঙ্গে যুক্ত করে গড়ে তোলার উদ্যোগ নিয়েছে সরকার। আগামী বছর পরীক্ষামূলকভাবে দেশের ২০টি খালকে এ কর্মসূচির আওতায় আনার পরিকল্পনা রয়েছে।
শনিবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট (কেআইবি) মিলনায়তনে জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা (ডিআরআরও) এবং প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) সম্মেলন-২০২৬-এর উদ্বোধনী পর্বে এ তথ্য জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।
খাল হবে বহুমুখী ব্যবহারের উপযোগী
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী বলেন, খাল খনন বর্তমান সরকারের নির্বাচনী প্রতিশ্রুতির অংশ। শুধু পানি নিষ্কাশন নয়, খালের পানি সংরক্ষণ, শুষ্ক মৌসুমে কৃষিকাজে ব্যবহার, খালে মাছ চাষ এবং খালের দুই পাড়ে বৃক্ষরোপণের মাধ্যমে এর সুফল বাড়ানোর পরিকল্পনা রয়েছে।
তিনি বলেন, বর্ষা মৌসুমে পানি নিষ্কাশন এবং শুষ্ক মৌসুমে চাষাবাদের সুযোগ তৈরি হবে। পাশাপাশি খাল ও খালপাড়কে ঘিরে মাছ চাষ, বৃক্ষরোপণ এবং হাঁস পালনের মতো কার্যক্রম যুক্ত করা হবে। এসব উদ্যোগ বাস্তবায়িত হলে গ্রামীণ জনজীবনে পরিবর্তন আসবে বলে আশা প্রকাশ করেন তিনি।
২০ খালে পরীক্ষামূলক উদ্যোগ
সরকার আগামী বছর পরীক্ষামূলকভাবে দেশের ২০টি খালকে ‘মডেল খাল’ হিসেবে গড়ে তোলার পরিকল্পনা করেছে। এসব খালে বৃষ্টির পানি ধরে রাখা ও প্রয়োজন অনুযায়ী তা নিষ্কাশনের ব্যবস্থা থাকবে।
প্রাথমিক পর্যায়ের অভিজ্ঞতার ভিত্তিতে পরবর্তী সময়ে দেশের বিভিন্ন এলাকায় এই মডেল সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।
গ্রামীণ অর্থনীতিতে অর্থের প্রবাহ
আসাদুল হাবিব দুলু বলেন, দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের বিভিন্ন কর্মসূচি গ্রামীণ অর্থনীতিতে প্রাণচাঞ্চল্য তৈরি করেছে।
কাজের বিনিময়ে খাদ্য (কাবিখা), কাজের বিনিময়ে টাকা (কাবিটা), টিআর, জিআর, ভিজিএফ এবং খাল খনন কর্মসূচির মাধ্যমে একদিকে প্রান্তিক পর্যায়ে উন্নয়ন হচ্ছে, অন্যদিকে এসব কর্মসূচির মাধ্যমে গ্রামের মানুষের কাছে অর্থের প্রবাহও বাড়ছে বলে মন্তব্য করেন তিনি।
এডিপির অর্থ অপচয় না করার নির্দেশ
সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) অর্থ যথাযথভাবে ব্যবহারের ওপর গুরুত্ব দেন।
তিনি বলেন, এডিপির কোনো অর্থ যাতে ফেরত না যায় এবং বরাদ্দকৃত অর্থের অপচয় না হয়, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সতর্ক থাকতে হবে।
সম্মেলনে ডিআরআরও-পিআইওরা
ডিআরআরও ও পিআইও সম্মেলনে দেশের বিভিন্ন জেলা থেকে সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম।
স্বাগত বক্তব্য দেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক রেজওয়ানুর রহমান।
সম্মেলনে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের বিভিন্ন উন্নয়ন ও ত্রাণ কার্যক্রম বাস্তবায়ন, অর্থের সঠিক ব্যবহার এবং মাঠপর্যায়ে প্রকল্প বাস্তবায়নের বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।
