সরকার জানিয়েছে, অন্যান্য দেশে বসবাসরত বাংলাদেশিদের নিজ দেশ থেকে হজে অংশগ্রহণ করতে হবে। ধর্ম মন্ত্রণালয় বলছে, যেসব দেশে তারা বসবাস বা অবস্থান করছেন, সেসব দেশ থেকে বাংলাদেশিদের হজযাত্রী হিসেবে সরাসরি সৌদি আরবে যাওয়ার কোনো সুযোগ নেই।
মন্ত্রণালয়ের এক পত্রে বলা হয়েছে, কোনো দেশের হজ কোটায় নিবন্ধিত হজযাত্রীর অন্য দেশ থেকে সৌদি আরব যাওয়া নিষিদ্ধ। এটি সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের হজ সম্পর্কিত আবশ্যিক নির্দেশনার ১৪ অনুচ্ছেদে উল্লেখ আছে।
মন্ত্রণালয় জানিয়েছে, কিছু এজেন্সি বিদেশে বসবাসরত বাংলাদেশিদের নিবন্ধন করে সরাসরি সৌদি আরবে পাঠাচ্ছেন। এর ফলে হজ ব্যবস্থাপনায় নানা সমস্যা সৃষ্টি হচ্ছে।
চিঠিতে বলা হয়েছে, এভাবে পাঠানো হলে নুসুক মাসার সিস্টেমে হজযাত্রীর ফ্লাইটসহ ‘প্রি-অ্যারাইভাল’ তথ্য দেওয়া সম্ভব হয় না। এছাড়া তাদের স্বাস্থ্য পরীক্ষা করে মেনিনজাইটিস ও ইনফ্লুয়েঞ্জা টিকা দেওয়া সম্ভব হচ্ছে না। তারা দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত কিনা, হজ পালনে সক্ষম কিনা, সে বিষয়ে স্বাস্থ্য সনদ দেওয়া সম্ভব হচ্ছে না।
এছাড়া বিদেশে থাকা হজযাত্রীদের হজের প্রশিক্ষণ দেওয়া যাচ্ছে না। বিমানের সিট খালি থাকা এবং সার্বিক হজ ব্যবস্থাপনায় নানা জটিলতা সৃষ্টি হচ্ছে।
সুষ্ঠু হজ ব্যবস্থাপনার স্বার্থে বিদেশে অবস্থানরত নিবন্ধিত হজযাত্রীদের হজ পালনের জন্য বাংলাদেশ থেকে সৌদিতে পাঠানোর ব্যবস্থা নিতে হজ এজেন্সিকে অনুরোধ করা হয়েছে। এই নিয়ম না মানলে সংশ্লিষ্ট এজেন্সিকে দায়-দায়িত্ব নিতে হবে বলে সতর্কবার্তা দিয়েছে মন্ত্রণালয়।
