স্থানীয় সরকার ও নির্বাচন বিশেষজ্ঞ তোফায়েল আহমেদ আর নেই

স্থানীয় সরকার ও নির্বাচন বিশেষজ্ঞ অধ্যাপক তোফায়েল আহমেদ মারা গেছেন। তার বয়স হয়েছিল ৭১ বছর।

বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন বলে জানিয়েছেন মেয়ের জামাই লেফটেন্যান্ট কর্নেল সারোয়ার জাহান।

তোফায়েল আহমেদকে রাতেই চট্টগ্রামে নিয়ে যাওয়া হবে। বৃহস্পতিবার হাটহাজারী থানার ফতেহপুর গ্রামে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হবে।

অন্তর্বর্তী সরকার গঠিত স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রধান ছিলেন অধ্যাপক তোফায়েল আহমেদ। এছাড়া তিনি নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনেরও সদস্য ছিলেন। ২০০৬-২০০৭ সালে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের গঠিত স্থানীয় সরকার কমিশনেরও সদস্য ছিলেন তিনি।

স্থানীয় সরকারকে শক্তিশালী ও কার্যকর করার লক্ষ্যে প্রয়োজনীয় সংস্কার প্রস্তাব প্রণয়ন করার উদ্দেশ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক তোফায়েল আহমেদকে প্রধান করে গত ১৮ নভেম্বর স্থানীয় সরকার সংস্কার কমিশন গঠন করা হয়।

তার নেতৃত্বে সাত সদস্যের এই কমিশন কাজ করে। গত ২০ এপ্রিল তারা দুই খণ্ডে প্রণীত চূড়ান্ত প্রতিবেদন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের হাতে তুলে দেন।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ‘খ’ গ্রুপ লোকপ্রশাসন থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন তোফায়েল আহমেদ। পরবর্তীতে যুক্তরাজ্যের ওয়েলস বিশ্ববিদ্যালয়ের সোয়ানসি কলেজ থেকে অর্থনীতিতে মাস্টার্স ও রাজনৈতিক অর্থনীতিতে পিএইচডি অর্জন করেন।

১৯৮১ সালে কুমিল্লার বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমিতে (বার্ড) অনুষদ সদস্য হিসেবে শিক্ষক ও গবেষক পদে যোগ দেন তিনি। সেখানে ১৪ বছর কাজ করার পর যোগ দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগে, যেখানে ২০০০ সালে অধ্যাপক পদে উন্নীত হন।

১৯৯৬ সাল থেকে সিভিল সোসাইটির সদস্য হিসেবে দেশে গণতন্ত্র, সুশাসন ও স্বচ্ছ নির্বাচন ব্যবস্থা প্রতিষ্ঠার আন্দোলনে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন অধ্যাপক তোফায়েল আহমেদ।

তিনি ২০০৯ সাল থেকে ছয় বছর জাতিসংঘ উন্নয়ন কর্মসূচিতে (ইউএনডিপি) স্থানীয় শাসন উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ও দর্শন বিভাগেও অধ্যাপনা করেছেন তিনি। পাশাপাশি বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমির (বার্ড) বোর্ড অব গভর্নরসের দায়িত্বও পালন করেন।