ফরিদপুরের আলফাডাঙ্গায় ফেইসবুকে ‘১৩ নভেম্বর আমরা সবাই ঢাকা যাব’ লিখে পোস্ট দেওয়ায় স্থানীয় আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার গভীর রাতে উপজেলার টগরবন্দ ইউনিয়নের সাতবাড়িয়া গ্রাম থেকে তাঁকে আটক করা হয়।
গ্রেপ্তার ব্যক্তির নাম মতিন মোল্লা (৩৫)। তিনি সাতবাড়িয়া গ্রামের তৈয়বুর রহমানের ছেলে এবং টগরবন্দ ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
বৃহস্পতিবার নিজের নামে খোলা ফেইসবুক আইডি থেকে তিনি ১৬ জন ব্যক্তির সঙ্গে তোলা একটি ছবি পোস্ট করেন। সেখানে ক্যাপশনে লিখেন, ‘১৩ তারিখে আমরা সবাই ঢাকা যাব। দলের দুর্দিনে আমরা দলের পাশেই আছি।’
পোস্টটি প্রকাশের পর তাঁকে চলতি বছরের ১৮ জানুয়ারি দায়ের হওয়া বিস্ফোরকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে গ্রেপ্তার দেখানো হয়। শনিবার সকালে আদালতের মাধ্যমে মতিন মোল্লাকে কারাগারে পাঠানো হয়েছে।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, মতিন মোল্লার সঙ্গে তোলা ছবিতে দেখা যায় টগরবন্দ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জালাল উদ্দিন ফকির এবং ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সুলতান মাহমুদকেও। তাঁদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে সুলতান মাহমুদের একটি ফোন নম্বর বন্ধ পাওয়া যায়, আর অন্য নম্বরে ফোন ধরলেও ‘রং নম্বর’ বলে সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
থানা সূত্রে জানা গেছে, ১৮ জানুয়ারি আলফাডাঙ্গা থানায় বিস্ফোরকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করেন আলফাডাঙ্গা পৌরসদরের বুড়াইচ এলাকার ইদ্রিস সর্দারের ছেলে ও বিএনপি-সমর্থক লাভলু সর্দার। মামলায় আওয়ামী লীগের ১৭০ জন নেতা–কর্মীর নাম উল্লেখ করা হয়েছে এবং আরও আড়াই থেকে তিন হাজার অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়েছে।
আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ্ জালাল আলম বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ঢাকা যাওয়ার আহ্বান জানিয়ে পোস্ট দেওয়ার কারণে মতিন মোল্লাকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার সকালে আদালতের মাধ্যমে তাঁকে জেলহাজতে পাঠানো হয়।
