দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের প্রস্তুতির অংশ হিসেবে ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের সঙ্গে বৈঠক করেছে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার (২৮ জুলাই) জাতীয় সংসদে অনুষ্ঠিত এ বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বে কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।
বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলে সিইসি জানান, রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। নির্বাচন কমিশন প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করেছে, তবে ভোটের দিনক্ষণ এখনও চূড়ান্ত হয়নি।
তিনি বলেন, রাষ্ট্রপতি পদ শূন্য হওয়ায় নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে। বিদ্যমান আইন অনুযায়ী নির্বাচনের তারিখ নির্ধারণের আগে জাতীয় সংসদের স্পিকারের সঙ্গে পরামর্শ করা বাধ্যতামূলক। সেই প্রক্রিয়ার অংশ হিসেবেই ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠক করা হয়েছে।
সিইসি আরও জানান, জাতীয় সংসদের অধিবেশন চলমান থাকলে নির্বাচন আয়োজনের একটি পদ্ধতি রয়েছে, আর অধিবেশন না থাকলে অন্য পদ্ধতি অনুসরণ করতে হয়। এসব বিষয় নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে। তারিখ ও তফসিল চূড়ান্ত হলে তা আনুষ্ঠানিকভাবে জানানো হবে।
বৈঠকে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ, আনোয়ারুল ইসলাম সরকার ও তাহমিদা আহমেদ উপস্থিত ছিলেন।
নাসির উদ্দিন বলেন, রাষ্ট্রপতি নির্বাচনের জন্য কমিশন পুরোপুরি প্রস্তুত রয়েছে। ভোটার তালিকা প্রস্তুতের জন্য জাতীয় সংসদ সচিবালয়ের কাছে প্রয়োজনীয় তথ্য চেয়ে ইতোমধ্যে চিঠি পাঠানো হয়েছে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি জানান, সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে কোনো বিষয় বৈঠকে আলোচনা হয়নি। এ বিষয়ে সংসদ সচিবালয় থেকে প্রয়োজনীয় নির্দেশনা এলে নির্বাচন কমিশন আইন অনুযায়ী ব্যবস্থা নেবে।
এর আগে সোমবার নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদের স্বাক্ষরিত এক চিঠি জাতীয় সংসদের সচিবের কাছে পাঠানো হয়। সেখানে উল্লেখ করা হয়, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করায় সংবিধানের ১২৩ অনুচ্ছেদের বিধান অনুযায়ী শূন্য হওয়া পদ ৯০ দিনের মধ্যে পূরণের জন্য নির্বাচন আয়োজন করতে হবে।
চিঠিতে আরও বলা হয়, রাষ্ট্রপতি নির্বাচন আইন, ১৯৯১ অনুযায়ী স্পিকারের সঙ্গে আলোচনা করে নির্বাচন কমিশন রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করবে। এ লক্ষ্যে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাতের জন্য সুবিধাজনক সময় নির্ধারণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে।
