রাত থেকে সকাল পর্যন্ত রাজধানী ও আশপাশে ৫ যানবাহনে আগুন, হাতবোমা বিস্ফোরণ

রাত থেকে সোমবার সকাল পর্যন্ত রাজধানীসহ আশপাশের বেশ কয়েকটি এলাকায় বাস, ট্রাক ও লেগুনায় অগ্নিসংযোগ এবং হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় কেউ হতাহত হয়নি বলে নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম জানান, রবিবার রাত থেকে বিভিন্ন এলাকায় ধারাবাহিকভাবে আগুন দেওয়া হয়েছে।

  • মোহাম্মদপুরের বাবর রোডে ভোর ৬টার দিকে একটি মিনিট্রাকে আগুন দেওয়া হয়।
  • নারায়ণগঞ্জ জেলা কারাগারের সামনে রাত দেড়টার দিকে একটি বাসে আগুনের ঘটনা ঘটে।
  • দক্ষিণ কেরানীগঞ্জের ইকুরিয়ায় রাত ১০টার পর একটি লেগুনায় আগুন দেওয়া হয়।
  • ধামরাইয়ের দুলিভিটায় রাত সাড়ে ১০টার দিকে আরেকটি বাসে অগ্নিসংযোগ ঘটে।

বনানী থানার তথ্য অনুযায়ী, মেরুল বাড্ডায় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের পাশে পানির ট্যাংকের সামনে একটি বাসে আগুন দেওয়া হয়েছে। তবে এ ঘটনার কোনো তথ্য ফায়ার সার্ভিসের কাছে নেই।

বনানী থানার ওসি রাসেল সরোয়ার জানান,

  • মহাখালী সরকারি তিতুমীর কলেজের সামনে
  • এবং আমতলী মোড়ে

হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটে।

ওসি সরোয়ার আরও বলেন, ওই এলাকায় তিন মাস ধরে রাস্তার পাশে পরিত্যক্ত একটি বাসে আগুন দেওয়া হলেও তা বেশি দূর ছড়ায়নি।

জুলাইয়ের অভ্যুত্থান দমনের চেষ্টায় তিনজনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার রায়কে কেন্দ্র করে আওয়ামী লীগ রবিবার ও সোমবার ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি ঘোষণা করে। এই কর্মসূচির মধ্যে ঢাকাসহ বিভিন্ন স্থানে বিচ্ছিন্ন বোমাবাজি ও যানবাহনে অগ্নিসংযোগের ঘটনাও ঘটে।

এসব পরিস্থিতিতে যানবাহনে অগ্নিসংযোগ বা ককটেল নিক্ষেপ করতে এলে গুলির নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।