বাংলাদেশ–ভারত কোস্ট গার্ডের  আটক জেলেদের বন্দি বিনিময়, পরিবারের কাছে ফিরলেন ১২৮ 

বাংলাদেশ ও ভারতের কোস্ট গার্ডের তত্ত্বাবধানে দুই দেশের আটককৃত জেলেদের বন্দি বিনিময় সম্পন্ন হয়েছে। বিনিময় শেষে আটক থাকা বাংলাদেশি জেলেদের নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

শুক্রবার (৩০ জানুয়ারি ২০২৬) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি জানান, বাংলাদেশ–ভারত আন্তর্জাতিক সমুদ্র সীমারেখা সংলগ্ন বাংলাদেশ জলসীমায় অবৈধভাবে মৎস্য আহরণরত অবস্থায় বাংলাদেশ নৌবাহিনী গত ১৮ ও ২৩ অক্টোবর ২০২৫ তারিখে দুইটি ভারতীয় ফিশিং বোটসহ ২৩ জন ভারতীয় জেলেকে আটক করে। অপরদিকে, গত ১৬, ১৭, ১৯ ও ৩০ নভেম্বর ২০২৫ তারিখে ভারতীয় জলসীমায় মাছ ধরার অভিযোগে ভারতীয় কোস্ট গার্ড পাঁচটি বাংলাদেশি ফিশিং বোটসহ ১২৮ জন বাংলাদেশি জেলেকে আটক করে।

পরবর্তীতে দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে আটক জেলেদের বন্দি বিনিময়ের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সিদ্ধান্ত অনুযায়ী বৃহস্পতিবার (২৯ জানুয়ারি ২০২৬) বাংলাদেশ কোস্ট গার্ডের তত্ত্বাবধানে বাংলাদেশ–ভারত আন্তর্জাতিক মেরিটাইম বাউন্ডারি লাইন (IMBL) এলাকায় বাংলাদেশে আটক থাকা ২৩ জন ভারতীয় জেলেকে দুইটি ফিশিং বোটসহ ভারতীয় কোস্ট গার্ডের কাছে হস্তান্তর করা হয়। একই সময়ে ভারতে আটক থাকা ১২৮ জন বাংলাদেশি জেলে ও পাঁচটি ফিশিং বোট বাংলাদেশ কোস্ট গার্ড গ্রহণ করে।

এরপর শুক্রবার (৩০ জানুয়ারি ২০২৬) সকাল ১১টায় বাংলাদেশি জেলেদের বোটসহ কোস্ট গার্ড বেইস মোংলায় নিয়ে আসা হয় এবং সেখানে তাদের স্বজনদের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।

দীর্ঘদিন পর পরিবারের সদস্যদের কাছে ফিরে আসায় জেলেদের মাঝে স্বস্তি ও আনন্দের অনুভূতি দেখা যায়। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, ভবিষ্যতে দুই দেশের সমন্বিত উদ্যোগে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা কমে আসবে।