জুলাই মাসের কোটা সংস্কার আন্দোলনে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদের কবর জিয়ারত করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
শুক্রবার সন্ধ্যায় তিনি রংপুরের পীরগঞ্জ উপজেলার জাফরপাড়া বাবনপুর গ্রামে আবু সাঈদের সমাধিস্থলে পৌঁছান। কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন ও দোয়া করার পর তিনি শহীদ আবু সাঈদের পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ করেন এবং তাদের সাথে কথা বলেন।
এই সময়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এজেডএম জাহিদ হোসেনসহ দলের রংপুর জেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
কবর জিয়ারত শেষে এজেডএম জাহিদ হোসেন সাংবাদিকদের সাথে কথা বলেন। তিনি বলেন, ‘‘বিএনপির চেয়ারম্যান তারেক রহমান জুলাই ছাত্র-জনতার অভ্যুত্থানে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেছেন এবং তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করেছেন।’’
তিনি আরও বলেন, ‘‘আবু সাঈদের প্রতি শ্রদ্ধা জানানো আজ দেশের সব মানুষের দায়িত্ব ও কর্তব্য। আবু সাঈদ আমাদের শিখিয়েছেন কীভাবে স্বৈরাচারের বিরুদ্ধে বুক উঁচিয়ে দাঁড়াতে হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলির মুখে দাঁড়িয়ে কীভাবে প্রতিরোধ গড়ে তুলতে হয়, সেই শিক্ষাও তিনি দিয়ে গেছেন।’’
জাহিদ হোসেন বলেন, ‘‘কেবল আবু সাঈদকে মৃত্যু দিবসে স্মরণ এবং তার কবর জিয়ারতের মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না। তার আত্মত্যাগের শিক্ষাকে বাস্তবে রূপান্তর করার জন্য আমাদের সবাইকে উজ্জীবিত হতে হবে। তাহলেই আবু সাঈদের আত্মা শান্তি পাবে বলে আমি মনে করি।’’
তারেক রহমানের আগমন উপলক্ষে আবু সাঈদের পরিবারের সদস্য ও স্থানীয় গ্রামবাসী অধীর আগ্রহে অপেক্ষায় ছিলেন।
উল্লেখ্য, ২০২৪ সালের ১৬ জুলাই কোটা সংস্কার আন্দোলনের সময় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সংলগ্ন পার্ক মোড় এলাকায় গুলিবিদ্ধ হয়ে আবু সাঈদ নিহত হন। পরদিন তাকে তার গ্রামের বাড়িতে দাফন করা হয়। তিনি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন এবং জুলাই আন্দোলনের একজন সমন্বয়কের দায়িত্ব পালন করছিলেন।
