ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের মোকামতলা বাসস্ট্যান্ডে বিশাল এক পথসভায় বক্তব্য রেখেছেন বিএনপির চেয়ারপার্সন তারেক রহমান। তিনি নেতাকর্মী ও সমর্থকদের আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে দলের প্রতীক ‘ধানের শীষ’-এ ভোট দিয়ে বগুড়াকে বিএনপির শক্ত ঘাঁটি হিসেবে প্রমাণ করার আহ্বান জানান।
শুক্রবার বেলা তিনটায় আয়োজিত এই পথসভায় তিনি বলেন, “আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে প্রমাণ করুন, বগুড়ার মাটি বিএনপির ঘাঁটি।” তিনি দাবি করেন, “ধানের শীষ যতবারই জনগণের ভোটে সরকার গঠনের সুযোগ পেয়েছে, ততবারই দেশ ও এলাকার উন্নয়নে কাজ করেছে। প্রিয় মোকামতলাবাসী, আমরা আবারও আপনাদের এলাকার উন্নয়ন করতে চাই।”
পথসভায় বগুড়া-২ আসনে বিএনপির প্রার্থী মীর শাহে আলমও বক্তব্য রাখেন।
এর আগে, বেলা আড়াইটায় নেতাকর্মীদের নিয়ে তারেক রহমান বগুড়ার মহাস্থানগড়ে হযরত শাহ সুলতান মাহমুদ বলখী মাহিসওয়ারের (র.) মাজার জিয়ারত করেন। এরপর তিনি রংপুরের উদ্দেশে বগুড়া ত্যাগ করলে পথে শিবগঞ্জের মোকামতলা বাসস্ট্যান্ডে এই সভার আয়োজন করা হয়।
মহাস্থানগড় থেকে রহবল-দো-সীমানা পর্যন্ত প্রায় ৫০ হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে রাস্তার দুপাশ জনস্রোতে মুখরিত হয় বলে জানা গেছে। তারেক রহমানের যানবাহন যাত্রাপথে পথের দুধারে দাঁড়িয়ে তাকে স্বাগত জানান স্থানীয় বাসিন্দারা।
