বায়োটেক কোম্পানিতে বিস্ফোরণে নিহত ৮

চীনের উত্তরাঞ্চলের শানসি প্রদেশে একটি বায়োটেকনোলজি কোম্পানির কারখানায় বিস্ফোরণে অন্তত আটজন নিহত হয়েছেন।

শনিবার ভোরে শানসি প্রদেশের শুওইয়াং শহরে পাহাড়ি একটি খাদের মধ্যে অবস্থিত জিয়াপেং বায়োটেকনোলজি কোম্পানির কারখানায় এ বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের পর ঘটনাস্থল থেকে গাঢ় হলুদ রঙের ধোঁয়া উঠতে দেখা গেছে।

রবিবার রাষ্ট্রীয় বার্তা সংস্থা শিনহুয়া দুর্ঘটনায় নিহতের সংখ্যা নিশ্চিত করে। সংস্থার প্রতিবেদনে বলা হয়, দুর্ঘটনার পর সংশ্লিষ্ট প্রতিষ্ঠান জিয়াপেং বায়োটেকনোলজির আইনগত প্রতিনিধিকে আটক করা হয়েছে। এ ঘটনার তদন্তে শুওইয়াং শহর কর্তৃপক্ষ একটি তদন্ত কমিটিও গঠন করেছে।

বিস্ফোরণের কারণ এখনও জানা যায়নি। প্রতিষ্ঠানটির নিজস্ব কোনো ওয়েবসাইট নেই এবং বিস্ফোরণের সময় কী কাজ চলছিল, তা স্পষ্ট নয়।

চীনের কর্পোরেট নিবন্ধন তথ্য অনুযায়ী, জিয়াপেং বায়োটেকনোলজি কোম্পানিটি পশুখাদ্য, কয়লাজাত পণ্য এবং নির্মাণসামগ্রী নিয়ে গবেষণা কার্যক্রম পরিচালনা করে। নথিতে প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাকাল ২০২৫ সালের জুন মাস বলে উল্লেখ রয়েছে।