ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাত্র তিন দিন আগে ঢাকা-১৮ আসন থেকে তার প্রার্থিতা প্রত্যাহার করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পাতায় এক ঘোষণার মাধ্যমে তিনি এই সিদ্ধান্ত জানান।
মান্না বর্তমানে বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তিনি লিখেছেন, একটি বিশেষ পরিস্থিতির কারণে তিনি একসাথে ঢাকা-১৮ ও বগুড়া-২, দুটি আসনে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। তবে ঢাকা-১৮ আসনটি একটি বিশাল এলাকা, যেখানে সাড়ে সাতটি থানা ও প্রায় সাড়ে ছয় লক্ষ ভোটার রয়েছেন। এই আসনে সুষ্ঠুভাবে নির্বাচনী প্রচার চালানো অত্যন্ত ব্যয়বহুল এবং তা তার পক্ষে বহন করা সম্ভব নয় বলে তিনি উল্লেখ করেন। এই প্রেক্ষিতেই তিনি ঢাকা-১৮ আসন থেকে তার প্রার্থিতা প্রত্যাহার করে নেওয়ার সিদ্ধান্ত নেন। যারা তার এই সিদ্ধান্তে কষ্ট পেতে পারেন, তাদের কাছে তিনি দুঃখও প্রকাশ করেছেন।
উল্লেখ্য, ঢাকা-১৮ আসন (খিলক্ষেত, কুড়িল, উত্তরা, উত্তরখান, দক্ষিণখান ও তুরাগ এলাকা নিয়ে গঠিত) থেকে মান্নার মনোনয়নপত্র বৈধ ছিল। এই আসনে বিএনপির প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেন, জামায়াতে ইসলামীর মুহাম্মদ আশরাফুল হক এবং জাতীয় নাগরিক পার্টির আরিফুল ইসলাম প্রতিদ্বন্দ্বিতা করছেন।
অন্যদিকে, বগুড়া-২ আসনে মান্নার নির্বাচনী যাত্রা বাধাগ্রস্ত হয়েছিল। ঋণখেলাপির অভিযোগে তার প্রার্থিতা প্রথমে বাতিল হলেও, পরবর্তীতে নির্বাচন কমিশনে আপিল করে তিনি তা ফিরে পান। প্রথমে বিএনপি এই আসনে মান্নাকে সমর্থন দিলেও পরে দলটি তাদের নিজস্ব প্রার্থী মীর শাহে আলমকে মনোনয়ন দেয়। এই আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী আবুল আজাদ মোহাম্মদ শাহাদুজ্জামানও আছেন।
মাহমুদুর রহমান মান্না ডাকসুর সাবেক ভিপি ও আওয়ামী লীগের প্রাক্তন নেতা। তিনি এর আগে একাধিকবার সংসদ নির্বাচনে অংশ নিলেও কখনো বিজয়ী হতে পারেননি।
