নাটোরে আগুনে পুড়ে মা ও শিশু কন্যার মৃত্যু

নাটোরের এক বসতবাড়িতে ভয়াবহ আগুনে এক নারী ও তার এক বছরের মেয়ে পুড়ে মারা গেছেন। এ ঘটনায় নারীর শাশুড়ি গুরুতর দগ্ধ হয়েছেন বলে জানায় এলাকায় ।
সোমবার ভোর সাড়ে ৩টার দিকে গুরুদাসপুরের ধারাবারিষা ইউনিয়নের ঝাউপাড়া বিন্নাবাড়ী এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিটকে এই অগ্নিকাণ্ডের কারণ বলে ধারণা করছেন ফায়ার সার্ভিস।

মৃতরা হলেন স্থানীয় কৃষক ঝান্টু প্রমাণিকের ৩০ বছর বয়সী স্ত্রী আতিয়া খাতুন ও তাদের এক বছর বয়সী কন্যা রওজা খাতুন। এছাড়া ঝান্টুর মা মর্জিনা বেগম গুরুতর দগ্ধ অবস্থায় উদ্ধার করা হয়েছে।

গুরুদাসপুর ফায়ার সার্ভিসের কর্মকর্তা মো. আতাউর রহমান জানান, ভোর ৪টা ৪৫ মিনিটের দিকে তারা ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান এবং আগুন নিয়ন্ত্রণে আনে। তিনি বলেন, “আমরা গিয়ে দেখি ঝান্টুর বাড়িঘর পুড়ে ছাই হয়ে গেছে। পরে মা-মেয়ের পোড়া দেহ উদ্ধার করে থানায় হস্তান্তর করা হয়। প্রাথমিকভাবে মনে হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত।”

এই অগ্নিকাণ্ডে ঝান্টু প্রমাণিকের চারটি বসতঘর ও পাশের একটি মুদি দোকান সম্পূর্ণ পুড়ে যায়। এছাড়াও ১২টি ছাগল মারা গেছে। ফায়ার সার্ভিসের কর্মকর্তার মতে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় পাঁচ থেকে ছয় লাখ টাকা, তবে স্থানীয় বাসিন্দাদের মতে ক্ষতির পরিমাণ ১০ থেকে ১২ লাখ টাকা।