নারায়ণগঞ্জ-৪ আসনের বিএনপি প্রার্থীর বিরুদ্ধে মানহানির মামলা, আদালত তদন্তের নির্দেশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী ও জমিয়তে উলামায়ে ইসলামের নারায়ণগঞ্জ জেলা সভাপতি মুফতি মনির হোসাইন কাসেমীর বিরুদ্ধে মানহানি মামলা হয়েছে।
গত রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. কামাল উদ্দিনের আদালতে নিউজ নারায়ণগঞ্জ ২৪ ডটকমের অফিস কর্মকর্তা মো. আকাশ বাদী হয়ে মামলাটির আবেদন করেন।

অভিযোগ আমলে নিয়ে মামলাটির তদন্তের জন্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)-কে নির্দেশ দিয়েছেন।
মামলার আবেদনে বলা হয়েছে, গত ৩১ জানুয়ারি মনির হোসাইন কাসেমীর নির্বাচনী প্রচারণায় টাকা বিতরণের একটি ভিডিও স্থানীয় দুটি অনলাইন পোর্টালে প্রকাশিত হয়, যা পরে অন্যান্য গণমাধ্যমেও প্রচারিত হয়। ওই ঘটনায় নির্বাচনী রিটার্নিং অফিসার তাকে দেড় লাখ টাকা জরিমানা করেন।

এর প্রতিক্রিয়ায়, মনির হোসাইন কাসেমীর নামে পরিচালিত একটি ফেসবুক পেজ থেকে ওই নিউজ পোর্টাল দুটির লোগো এবং সংশ্লিষ্ট সাংবাদিকদের ছবি ব্যবহার করে অপমানজনক ও মানহানিকর কন্টেন্ট প্রকাশ করা হয় বলে মামলার অভিযোগে উল্লেখ রয়েছে। ওই মানহানিকর কন্টেন্টটি একটি পেজ থেকে মুছে ফেলা হলেও, তার আরেকটি পেজে তা এখনও বিদ্যমান রয়েছে বলে বাদীপক্ষ দাবি করেন।

বাদীর আইনজীবী খোরশেদ আলম জানান, মনির হোসাইন কাসেমীসহ মোট ১৫ থেকে ২০ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে এই মামলায় আসামি করা হয়েছে। তাদের বিরুদ্ধে পরিকল্পিতভাবে নিউজ পোর্টালটির সুনাম ক্ষুণ্ন করে প্রায় এক কোটি টাকার ক্ষতি করার অভিযোগ আনা হয়েছে।

বাদী মো. আকাশ মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। অন্যদিকে, অভিযুক্ত প্রার্থী মনির হোসাইন কাসেমী এই মামলাকে ‘মিথ্যা ও ভিত্তিহীন’ বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, আইনগতভাবে আদালতে বিষয়টির জবাব দেওয়া হবে।

মনির হোসাইন কাসেমী নারায়ণগঞ্জ-৪ আসনে বিএনপি নেতৃত্বাধীন জোটের শরিক জমিয়তে উলামায়ে ইসলামের প্রার্থী হিসেবে খেজুরগাছ প্রতীকে নির্বাচন করছেন। আদালত সিআইডিকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়ায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।