আওয়ামী লীগবিহীন এই নির্বাচনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিজ জেলা গোপালগঞ্জের তিনটি সংসদীয় আসনেই জয় পেয়েছে বিএনপি।
বৃহস্পতিবার রাত ২টা ৩০ মিনিটে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান ভোট গণনা শেষে এই ফল ঘোষণা করেন।
গোপালগঞ্জ-১ (মুকসুদপুর ও কাশিয়ানীর একাংশ):
বিএনপির সেলিমুজ্জামান মোল্লা ধানের শীষ প্রতীকে ৬৮ হাজার ৮৬৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী গণঅধিকার পরিষদের কাবির মিয়া ট্রাক প্রতীকে পেয়েছেন ৫৩ হাজার ৯৬১ ভোট।
উল্লেখ্য, ১৯৯৬ সালের জুন থেকে এ আসনে টানা ছয়বার সংসদ সদস্য ছিলেন আওয়ামী লীগের বাণিজ্য ও শিল্প বিষয়ক সম্পাদক অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল ফারুক খান।
গোপালগঞ্জ-২ (গোপালগঞ্জ সদর ও কাশিয়ানীর একাংশ):
বিএনপির কে এম বাবর ধানের শীষ প্রতীকে ৪০ হাজার ৪৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী এমএইচ খান মঞ্জু হরিণ প্রতীকে পেয়েছেন ৩৩ হাজার ৩৯ ভোট।
১৯৮৬ সাল থেকে এ আসনে আটবার সংসদ সদস্য ছিলেন শেখ হাসিনার ফুফাতো ভাই শেখ ফজলুল করিম সেলিম।
গোপালগঞ্জ-৩ (টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া):
বিএনপির এসএম জিলানী ধানের শীষ প্রতীকে ৬০ হাজার ১৬৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী গোবিন্দ চন্দ্র প্রামানিক ঘোড়া প্রতীকে পেয়েছেন ৩৩ হাজার ৮৬৭ ভোট। গোবিন্দ চন্দ্র বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক।
এই আসনটি বিশেষ তাৎপর্যপূর্ণ—১৯৯১ সাল থেকে টানা সাতবার এখান থেকে সংসদ সদস্য নির্বাচিত হন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।
