ঢাকা-১৭তে তারেক রহমানের জয়, বগুড়ায় বড় ব্যবধান

দিনভর সবার নজর ছিল ঢাকা-১৭ আসনে। শেষ পর্যন্ত ভোররাতে এল ঘোষণা—বিএনপি চেয়ারম্যান তারেক রহমান জয়ী হয়েছেন, তবে ব্যবধানটা ছিল আঁটসাঁট।

বগুড়া-৬ আসনে তিনি বড় জয় পেলেও রাজধানীর এই আসনে জামায়াতের প্রার্থীর সঙ্গে তুমুল প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়েন। শেষ পর্যন্ত জিতেছেন ৪ হাজার ৩৯৯ ভোটের ব্যবধানে।

রিটার্নিং কর্মকর্তার স্বাক্ষরিত ফল অনুযায়ী, ঢাকা-১৭ আসনে ধানের শীষ প্রতীকে তারেক রহমান পেয়েছেন ৭২ হাজার ৬৯৯ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর স ম খালিদুজ্জামান দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৬৮ হাজার ৩০০ ভোট।

এ আসনে মোট ভোটার ৩ লাখ ৩৩ হাজার ৮১৩ জন। ভোট পড়েছে ৪৪ দশমিক ৩০ শতাংশ।

অন্যদিকে বগুড়া-৬ (সদর) আসনে বিএনপি চেয়ারম্যান বিপুল ভোটে জয়ী হয়েছেন। সেখানে তিনি পান ২ লাখ ১৬ হাজার ২৮৪ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের আবিদুর রহমান সোহেল পান ৯৭ হাজার ৬২৬ ভোট।

এই আসনে তারেক রহমান ১ লাখ ১৮ হাজার ৬৫৮ ভোট বেশি পেয়ে নির্বাচিত হয়েছেন।