ঢাকা-৮তে মির্জা আব্বাসের জয়, বাতিল ভোট নিয়ে তীব্র বিতর্ক

বহুল আলোচিত ঢাকা-৮ আসনের ফলশেষে ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা। এখানে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নাসীরউদ্দীন পাটওয়ারীর তীব্র প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়েন বিএনপির মির্জা আব্বাস।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ৪ হাজার ৯৮০ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন। তিনি ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৫৬ হাজার ৫৫২ ভোট। এনসিপির নাসীরউদ্দীন পাটওয়ারী শাপলা কলি প্রতীকে পেয়েছেন ৫১ হাজার ৫৭২ ভোট।

এই আসনের ফল নিয়ে সন্ধ্যা থেকেই দুই পক্ষের সমর্থকদের মধ্যে উত্তেজনা ছিল। দুই প্রার্থীই রিটার্নিং কর্মকর্তার সঙ্গে দেখা করে আলাদাভাবে অভিযোগ জানিয়েছেন।

বিতর্কের কেন্দ্রে বাতিল ভোট। এই আসনে এখন পর্যন্ত ২ হাজার ৪৯৭টি ভোট বাতিল ঘোষণা করা হয়েছে। ব্যালট পেপারের একদম বাম পাশের কোণায় ধানের শীষ প্রতীকের বক্স ছিল। ওই বক্সের পাশের ফাঁকা সাদা জায়গায় অনেক ভোটারের সিল পড়েছে।

বিএনপির দাবি, ওই সাদা জায়গার সিল ধানের শীষের ভোট হিসেবেই গুণতে হবে। অন্যদিকে এনসিপি এর বিরোধিতা করছে।

রাত আড়াইটার দিকে সংবাদ সম্মেলন করে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এই আসনে নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে ভোট পুনরায় গণনার দাবি জানান। একইসঙ্গে বাতিল ভোট যেন গণনায় অন্তর্ভুক্ত না করা হয়, সেটিও নিশ্চিত করতে বলে দলটি।