ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ‘অবাধ ও সফল’ অভিহিত করে বিজয়ী দল বিএনপিকে অভিনন্দন জানিয়েছে চীন সরকার। ভোট গণনা শেষে বিএনপির নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার বিষয়টি নিশ্চিত হওয়ার পর শুক্রবার সকালে ঢাকায় অবস্থিত চীন দূতাবাস এক বিবৃতিতে এই প্রতিক্রিয়া জানায়।
পরে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ও এক প্রশ্নের উত্তরে বিএনপিকে অভিনন্দন জানানোর পাশাপাশি বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে সহযোগিতা কার্যক্রম এগিয়ে নেওয়ার আগ্রহ প্রকাশ করে।
চীন দূতাবাসের বিবৃতিতে বলা হয়েছে, “অবাধ ও সফল সংসদ নির্বাচন অনুষ্ঠানের জন্য বাংলাদেশের জনগণ এবং ভোটের ফলে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে (বিএনপি) আন্তরিক অভিনন্দন। আমরা বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে কাজ করার এবং চীন-বাংলাদেশ সম্পর্কের নতুন অধ্যায় রচনার অপেক্ষায় রয়েছি।”
এদিকে নির্বাচন প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, “বাংলাদেশে একটি শান্তিপূর্ণ ও অবাধ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং এই নির্বাচনে বিজয়ী হওয়ায় বিএনপিকে চীন অভিনন্দন জানাচ্ছে।”
তিনি আরও বলেন, “ঐতিহ্যবাহী বন্ধু ও প্রতিবেশী দেশ হিসেবে চীন বাংলাদেশকে তার অভ্যন্তরীণ রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়নে সমর্থন জানায়। আমরা দীর্ঘদিনের এই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও এগিয়ে নিতে বেল্ট অ্যান্ড রোড উদ্যোগসহ বিভিন্ন খেত্রে ব্যবহারিক সহযোগিতা গভীর করতে এবং চীন-বাংলাদেশের সমন্বিত কৌশলগত অংশীদারিত্বকে আরও শক্তিশালী করতে প্রস্তুত।”
প্রসঙ্গত, বৃহস্পতিবার অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বেসরকারি ফলাফল অনুযায়ী মোট ২৯৯টি আসনের মধ্যে ২০৯টিতে জয় পেয়েছে বিএনপি। দ্বিতীয় সর্বোচ্চ ৬৮টি আসন পেয়েছে জামায়াতে ইসলামী। এছাড়া বিএনপি নেতৃত্বাধীন জোটের শরিক দল বিজেপি, গণসংহতি আন্দোলন ও গণঅধিকার পরিষদ একটি করে আসনে জয় পেয়েছে।
জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের শরিক এনসিপি ছয়টি, বাংলাদেশ খেলাফত মজলিস দুটি এবং খেলাফত মজলিস একটি আসন পেয়েছে। স্বতন্ত্র প্রার্থীরা জয় পেয়েছেন সাতটি আসনে এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ পেয়েছে একটি আসন।
