নির্বাচন কমিশন (ইসি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সাথে একযোগে অনুষ্ঠিত জুলাই সনদ বাস্তবায়ন সংক্রান্ত গণভোটের ফল গেজেট আকারে প্রকাশ করেছে। ইসি সচিব আখতার আহমেদ শুক্রবার রাতে এই গেজেট জারি করেন। এর আগে এ এম এম নাসির উদ্দিন নেতৃত্বাধীন কমিশন ফলটি অনুমোদন করে।
বৃহস্পতিবার অনুষ্ঠিত এ গণভোটে মোট ভোটার ছিলেন ১২ কোটি ৭২ লাখ ৯৮ হাজার ৪১৬ জন। প্রার্থীর মৃত্যুতে শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত থাকলেও বাকি ২৯৯টি আসনের সঙ্গে এই ভোটগ্রহণ সম্পন্ন হয়।
গণভোটের ফলাফল:
গণভোটে মোট সাত কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ২৩ জন ভোট প্রদান করেন। এর মধ্যে ৭৪ লাখ ২২ হাজার ৬৩৭ ভোট বাতিল হয়।
বৈধ সাত কোটি ২৭ লাখ ২ হাজার ৩৮৬ ভোটের মধ্যে ‘হ্যাঁ’ (সমর্থন) ভোট পড়েছে ৮ কোটি ৮২ লাখ ৬৬০টি, যা মোট বৈধ ভোটের ৬৮.৫৯ শতাংশ। অন্যদিকে, ‘না’ (অসমর্থন) ভোট পড়েছে ২ কোটি ২০ লাখ ৭১ হাজার ৭২৬টি, যা ৩১.৪১ শতাংশ।
গণভোটের প্রেক্ষাপট:
জুলাই সনদের অন্তর্ভুক্ত সংবিধান সংস্কার সংক্রান্ত ৪৮ দফা বাস্তবায়নে জনগণের সম্মতি নেওয়ার জন্য এই গণভোটের আয়োজন করা হয়। উল্লেখ্য, জুলাই সনদে রাষ্ট্রীয় সংস্কারের মোট ৮৪টি দফা রয়েছে। এর মধ্যে সংবিধান সংশোধনী ছাড়া বাকি দফাগুলোকে ‘আইন/অধ্যাদেশ, বিধি ও নির্বাহী আদেশের মাধ্যমে সংস্কার’ হিসাবে চিহ্নিত করেছে জাতীয় ঐকমত্য কমিশন।
এটি দেশের ইতিহাসে চতুর্থ গণভোট হলেও প্রথমবারের মতো জাতীয় সংসদ নির্বাচনের সাথে একযোগে অনুষ্ঠিত হলো। এতে ভোটাররা সংসদ সদস্য প্রার্থী বাছাইয়ের জন্য একটি ব্যালট ও গণভোটে মত প্রকাশের জন্য একটি আলাদা ব্যালট পান।
গণভোটের ফলাফল