আসন্ন পবিত্র মাহে রমজান উপলক্ষে ঢাকা মহানগরীর বিপণি বিতান ও শপিংমলগুলোতে নিরাপত্তা জোরদার এবং যানজট নিরসনে বিশেষ ব্যবস্থা নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এ লক্ষ্যে সোমবার (১৬ ফেব্রুয়ারি) সকাল ১১টায় ডিএমপি হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে বিপণি বিতান ও ব্যবসায়ী প্রতিনিধিদের সাথে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মোঃ আনিছুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় রমজান মাসে ঢাকা মহানগরীর শপিংমল সমূহের নিরাপত্তা, আইন-শৃঙ্খলা রক্ষা ও ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় ব্যবসায়ী প্রতিনিধিদের উদ্দেশে অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) জানান, রমজান মাসে যানজট নিরসনের জন্য সড়কে অতিরিক্ত ট্রাফিক পুলিশ মোতায়েন করা হবে। তিনি বলেন, “রমজান মাসে সড়কে যানজট সৃষ্টি না হয় এবং ফুটপাত ব্যবহার করে পথচারীরা যেন অনায়াসে চলাচল করতে পারে, সেদিকে পুলিশের পাশাপাশি আপনাদেরও সজাগ দৃষ্টি রাখতে হবে। প্রতিটি শপিংমলের সামনে ও আশেপাশে স্বেচ্ছাসেবক মোতায়েনের ব্যবস্থা করতে হবে।”
ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) মোঃ সরওয়ার, বিপিএম-সেবা (অতিরিক্ত আইজি) বলেন, “ঢাকা শহরের অন্যতম সমস্যা যানজট। রমজানে যানজট নিরসনে ট্রাফিক বিভাগের পাশাপাশি ক্রাইম বিভাগের পুলিশ সদস্যদেরও অতিরিক্ত ফোর্স হিসেবে মোতায়েন থাকবে।” তিনি সবাইকে ট্রাফিক আইন মেনে চলার আহ্বান জানিয়ে আশাবাদ ব্যক্ত করেন যে, সবার আন্তরিক সহযোগিতায় রমজান মাস সুন্দরভাবে শেষ হবে।
সভায় উপস্থিত বিভিন্ন বিপণি বিতান ও ব্যবসায়ী প্রতিনিধিরা রমজান মাসে নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে তাদের মতামত প্রদান করেন। ডিএমপির পক্ষ থেকে ব্যবসায়ীদের বিভিন্ন প্রস্তাবনা শোনা এবং সেগুলো বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস দেওয়া হয়।
সভায় ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার, উপ-পুলিশ কমিশনারসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তা এবং বিপণি বিতান ও ব্যবসায়ী প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স) মুহাম্মদ তালেবুর রহমান পিপিএম জানান, রমজান মাসে ক্রেতা-বিক্রেতাদের নির্বিঘ্নে কেনাকাটা নিশ্চিত করতে পুলিশের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা দেওয়া হবে।
