রাজধানীর শান্তিনগর এলাকায় এক ছিনতাইকারীকে গ্রেফতার করেছে সিআইডি। এ সময় ছিনতাই হওয়া ৭৭ হাজার টাকা উদ্ধার করা হয়।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে শান্তিনগর-এজিবি কলোনী এলাকায় ঘটনাটি ঘটে। ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসের এরিয়া ম্যানেজার তৌহিদ আলমগীর অফিস শেষে ৭৭ হাজার টাকা নিয়ে রিকশায় বাসায় ফিরছিলেন। পথে তিন ছিনতাইকারী তার পথরোধ করে টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।
ভিকটিমের চিৎকারে কাছে থাকা সিআইডির এসআই মনির হোসেন ধাওয়া দিয়ে এক ছিনতাইকারীকে আটক করেন। অন্য দুইজন পালিয়ে যায়। আটক সাইদুজ্জামান সোহেলের কাছ থেকে পুরো টাকা উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, সোহেল পেশাদার ছিনতাইকারী এবং তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। তাকে পল্টন থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
