শপথ অনুষ্ঠান ঘিরে সংসদ এলাকায় ট্রাফিক নির্দেশনা

জাতীয় সংসদ ভবনে নবনির্বাচিত সংসদ সদস্য ও নবগঠিত মন্ত্রীসভার সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠানকে ঘিরে ট্রাফিক নির্দেশনা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

ডিএমপি জানিয়েছে, মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সংসদ ভবন এলাকায় বিপুল সংখ্যক মানুষের সমাগম হবে। এ কারণে খেজুর বাগান ক্রসিং থেকে মানিক মিয়া এভিনিউ এবং গণভবন ক্রসিং থেকে উড়োজাহাজ ক্রসিং পর্যন্ত লেকরোডে যান চলাচল সীমিত রাখা হবে।

যানজট ও ভোগান্তি কমাতে বিভিন্ন পয়েন্টে ডাইভারশন দিয়ে বিকল্প সড়ক ব্যবহার করতে বলা হয়েছে। মিরপুর রোড, ধানমন্ডি, আসাদগেট, ফার্মগেট, ইন্দিরা রোড ও এলিভেটেড এক্সপ্রেসওয়ের সংযোগ সড়কগুলো দিয়ে যান চলাচল চালু রাখা হবে।

ডিএমপি সকল চালককে মঙ্গলবার সকাল ৮টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত মানিক মিয়া এভিনিউ ও লেকরোড এড়িয়ে চলার অনুরোধ জানিয়েছে এবং এ বিষয়ে নগরবাসীর সহযোগিতা কামনা করেছে।