৪৪তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ ৪ হাজার ১৩৬ জন প্রার্থীকে নন-ক্যাডার পদে নিয়োগের জন্য সাময়িকভাবে মনোনয়ন দেওয়া হয়েছে। বৃহস্পতিবার সরকারি কর্ম কমিশন (পিএসসি) প্রার্থীদের তালিকাসহ এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করে।
নির্বাচিত এসব প্রার্থী ৯ম থেকে ১১তম গ্রেডের বিভিন্ন শূন্য পদে নিয়োগ পাবেন। মেধা ও পছন্দক্রম বিবেচনা করে প্রার্থীদের এ মনোনয়ন দেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
এর আগে গত ৫ ফেব্রুয়ারি ৪৪তম বিসিএসে ১ হাজার ৪৯০ জন প্রার্থীকে বিভিন্ন ক্যাডারে নিয়োগ দেয় জনপ্রশাসন মন্ত্রণালয়। এরও আগে ২০২৫ সালের ১১ নভেম্বর ১ হাজার ৬৭৬ জন প্রার্থীকে নিয়োগের চূড়ান্ত মনোনয়ন দিয়ে তৃতীয়বারের মতো আলোচিত এই বিসিএসের ফলাফল প্রকাশ করে পিএসসি।
প্রথম দফায় এই বিসিএসের ফল প্রকাশ করা হয়েছিল ২০২৫ সালের ৩০ জুন। ওই সময় ১ হাজার ৬৯০ জনকে উত্তীর্ণ করে ফল প্রকাশ করা হয়। তবে ওই ফলে ৩০৩ জন প্রার্থী একই ক্যাডারে বা তাদের পছন্দক্রম অনুযায়ী নিচের ক্যাডারের পদে সুপারিশ পাওয়ায় তারা যোগদান করতে চাননি। এ কারণে পরে ৬ নভেম্বর সম্পূরক ফলাফল প্রকাশ করা হয়, যেখানে কিছু ত্রুটি-বিচ্যুতি পেয়েছিল কমিশন।
প্রসঙ্গত, ২০২১ সালের ৩০ নভেম্বর ৪৪তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এতে বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৭১০ জন কর্মকর্তা নিয়োগ দেওয়ার কথা ছিল। এই বিসিএসের মৌখিক পরীক্ষা শুরু হয়েছিল ২০২৪ সালের এপ্রিলে। মাঝে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কারণে প্রথম দফায় এবং সরকার পতনের পর ২৫ আগস্ট দ্বিতীয় দফায় তা স্থগিত করা হয়। পরে ২০২৪ সালের ২২ ডিসেম্বর থেকে প্রার্থীদের মৌখিক পরীক্ষা নেওয়া শুরু করে পিএসসি।
44TH-bcs-non-cadre-190226