অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে রাজধানীর হেয়ার রোডের সরকারি বাসভবন ছাড়ছেন অধ্যাপক আসিফ নজরুল। নতুন সরকার দায়িত্ব নেওয়ায় এই বাসা ছাড়ার প্রস্তুতি চলছে। বাসাটি ছাড়ার আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক আবেগঘন পোস্ট দিয়েছেন তিনি।
বৃহস্পতিবার দেয়া পোস্টে আসিফ নজরুল লেখেন, হেয়ার রোডের এই বাসাটিতে ওঠার পর থেকেই পরিবারের সবার মন খারাপ ছিল। কারণ, বাসাটি ছিল অনেক বড়। তিনি লেখেন, “আমরা যখন হেয়ার রোডের এই বাসায় উঠি সবার মন খারাপ হয়ে যায়। বেশি বড় জায়গা, বেশি বড় বাড়ি, এত বড় যে আপন ভাবা যায় না ঠিক।”
এই বাসায় ওঠার কারণে সন্তানদেরও মন খারাপ ছিল জানিয়ে তিনি লেখেন, ফুলার রোডের পুরোনো বন্ধুদের কাছ থেকে তারা বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল।
কিন্তু এখন বাসা ছাড়ার সময় পুরোদস্তুর মায়া তৈরি হয়েছে বলে জানিয়েছেন তিনি। ফেসবুক পোস্টে আসিফ নজরুল লেখেন, “দু-একদিনের মধ্যে আমরা চলে যাবে এই বাসা থেকে। আমার মায়া রোগ আছে। এখন দেখি এই বাসাটার জন্যই অনেক মায়া লাগছে। বিশেষ করে ঝোপঝাড়, রোদ ছায়া, চিলের ডানা আর বিশাল আকাশটার জন্য।”
পোস্টের শেষ লাইনে তিনি লেখেন, ‘বিদায় হেয়ার রোড’।
উল্লেখ্য, অন্তর্বর্তী সরকারে আইন উপদেষ্টার পাশাপাশি প্রবাসী কল্যাণ ও ক্রীড়া উপদেষ্টার দায়িত্বও পালন করেন আসিফ নজরুল। তফসিল ঘোষণার পর ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার পদত্যাগ কার্যকর হলে তিনি ক্রীড়া উপদেষ্টার দায়িত্ব পান।
