গাজায় শান্তি বজায় রাখতে আন্তর্জাতিক বাহিনীতে সেনা পাঠাচ্ছে পাঁচ দেশ

গাজায় স্থায়ী শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে নবগঠিত আন্তর্জাতিক নিরাপত্তা বাহিনীতে (আইএসএফ) সেনা পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছে পাঁচটি দেশ। ইন্দোনেশিয়া, মরক্কো, কাজাখস্তান, কসোভো ও আলবেনিয়া এই বাহিনীতে সেনা সরবরাহ করবে বলে জানানো হয়েছে।

বৃহস্পতিবার ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন ‘বোর্ড অব পিস’ বা শান্তি পর্ষদের প্রথম বৈঠকে এই তথ্য জানান বাহিনীর কমান্ডার মেজর জেনারেল জ্যাসপার জেফারস।

তিনি বলেন, “প্রথম ধাপে এই পাঁচটি দেশ আমাদের আন্তর্জাতিক বাহিনীতে সেনা পাঠাতে সম্মত হয়েছে। পাশাপাশি, মিশর ও জর্ডান স্থানীয় পুলিশ সদস্যদের প্রশিক্ষণ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।”

মেজর জেনারেল জেফারস আরও জানান, গাজার দক্ষিণাঞ্চল রাফাহ থেকে এই বাহিনী মোতায়েন শুরু হবে। সেখানে প্রথমে পুলিশ সদস্যদের প্রশিক্ষণ দেওয়ার মাধ্যমে কার্যক্রম শুরু হবে এবং পরে ধাপে ধাপে পুরো গাজায় এই নিরাপত্তা ব্যবস্থা সম্প্রসারণ করা হবে।

দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ হিসেবে এই আন্তর্জাতিক বাহিনীতে মোট ২০ হাজার সেনা অন্তর্ভুক্ত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। একইসঙ্গে গাজার আইন-শৃঙ্খলা রক্ষায় ১২ হাজার স্থানীয় পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দিয়ে প্রস্তুত করার পরিকল্পনা রয়েছে বলে জানান জেনারেল জেফারস।

প্রেসিডেন্ট ট্রাম্পের শান্তি পর্ষদের অধীনে গাজা পুনর্গঠন ও সেখানে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে এই আন্তর্জাতিক নিরাপত্তা বাহিনীকে একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ হিসেবে দেখা হচ্ছে।