ঢাবি ছাত্র ইউনিয়ন নেতা মেঘমল্লার বসু ‘অনেকগুলো ওষুধ খেয়ে’ হাসপাতালে

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্র ইউনিয়নের একাংশের সভাপতি মেঘমল্লার বসু অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন। তাকে ‘অনেকগুলো ওষুধ খাওয়া’ অবস্থায় পাওয়া গেছে বলে জানিয়েছে তার সংগঠন।

বৃহস্পতিবার মধ্যরাতে তাকে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সংগঠনের সাধারণ সম্পাদক মাঈন আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

শুক্রবার সন্ধ্যায় মাঈন আহমেদ জানান, মেঘমল্লার বসু হাসপাতালে ভর্তি আছেন এবং তার চিকিৎসা চলছে। তিনি বলেন, “মেঘদা ডাকসু নির্বাচনের পর থেকেই অসুস্থ ছিলেন। তাকে আমরা অনেকগুলো ওষুধ খাওয়া অবস্থায় পাই। তিনি সুস্থ হলে বিস্তারিত জানা যাবে। বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।”

প্রসঙ্গত, গত সেপ্টেম্বরে অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বাম ধারার সাত ছাত্র সংগঠনের সমন্বয়ে গঠিত ‘প্রতিরোধ পর্ষদ’ থেকে সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করেন মেঘমল্লার বসু। ওই নির্বাচনে তিনি প্রায় পাঁচ হাজার ভোট পেয়ে তৃতীয় হন।

ডাকসু নির্বাচনের প্রচার চলাকালেই অসুস্থ হয়ে পড়েন এই ছাত্রনেতা। গত বছরের ১ সেপ্টেম্বর তাকে হেলথ অ্যান্ড হোপ হাসপাতালে ভর্তি করা হয় এবং সেখানে তার অ্যাপেন্ডিক্সের অস্ত্রোপচার হয়।