মোহাম্মদপুর এলাকায় একাধিক ব্যবসায়ীর কাছে চাঁদা দাবির অভিযোগে এক চিহ্নিত চাঁদাবাজকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুধু গ্রেপ্তারই নয়, তাকে সঙ্গে নিয়ে এলাকার বিভিন্ন সড়কে ঘুরিয়ে হ্যান্ডমাইকে সতর্কবার্তা প্রচার করা হয়।
রোববার বিকেলে কেরাণীগঞ্জের কলাতিয়া এলাকা থেকে ফারুক ওরফে কালা ফারুক নামের ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে মোহাম্মদপুরের বসিলা এলাকায় একাধিক ব্যবসায়ীকে চাঁদা চেয়ে হুমকি দেওয়ার অভিযোগ রয়েছে। কিছু ঘটনার সিসিটিভি ফুটেজ সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে তিনি আত্মগোপনে চলে যান।
এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের মোহাম্মদপুর জোনের সহকারী কমিশনার আব্দুল্লাহ আল মামুন জানান, বসিলা গার্ডেন সিটি ও আশপাশের এলাকায় বিভিন্ন প্রতিষ্ঠানে গিয়ে চাঁদা দাবি করে আসছিল ফারুক ও তার সহযোগীরা। সম্প্রতি এক ব্যবসায়ী লিখিত অভিযোগ দেওয়ার পর পুলিশ তাকে গ্রেপ্তারে অভিযান শুরু করে।
গ্রেপ্তারের পর ফারুককে নিয়ে মোহাম্মদপুরের বিভিন্ন সড়কে ঘুরে পুলিশ সদস্যরা। এ সময় হ্যান্ডমাইকে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন বলেন, “চাঁদাবাজকে ধরেছি। আপনারা কাউকে চাঁদা দেবেন না। কেউ চাঁদা চাইতে এলে তাকে ধরে আমাদের খবর দেবেন।”
এসি মামুন আরও জানান, ফারুক ওই এলাকার চিহ্নিত চাঁদাবাজ। তাকে সঙ্গে নিয়ে মাইকিং করার মাধ্যমে বার্তা দেওয়া হয়েছে যে অপরাধ করলে কাউকে ছাড় দেওয়া হবে না।
