পার্বত্য চট্টগ্রামকে বিশ্বমানের ইকোট্যুরিজম স্পট হিসেবে গড়ে তোলার ঘোষণা দিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। পাশাপাশি আগামী পাঁচ বছরের মধ্যে এই অঞ্চলের যোগাযোগ, স্বাস্থ্য, শিক্ষা ও মৌলিক সুবিধা নিশ্চিত করে দৃশ্যমান উন্নয়ন আনার কথাও জানান তিনি।
শনিবার দুপুরে হাটহাজারী উপজেলা কার্যালয়ের সভাকক্ষে সরকারি কর্মকর্তাদের সঙ্গে পরিচিতি ও সমন্বয় সভায় তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, “পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল অঞ্চল। এখানে প্রাকৃতিক সম্পদ ও সৌন্দর্যের অপার সম্ভাবনা লুকিয়ে আছে। সবাইকে সঙ্গে নিয়ে আমরা এই অঞ্চলকে পর্যটকদের জন্য একটি বিশ্বমানের গন্তব্যে পরিণত করতে চাই।”
তিনি আরও বলেন, পাহাড় ও সমতলের মানুষের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সহাবস্থান নিশ্চিত করে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়তে বর্তমান সরকার বদ্ধপরিকর। এই লক্ষ্যে কাজ করে যাচ্ছে সরকার।
হাটহাজারী এলাকার স্থানীয় সমস্যা প্রসঙ্গে প্রতিমন্ত্রী সাফ জানিয়ে দেন, অপরাধের বিরুদ্ধে কোনো ছাড় দেওয়া হবে না। তিনি বলেন, “যেকোনো অপরাধের বিরুদ্ধে আমরা সকলে মিলে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছি। অপরাধের বিরুদ্ধে এক চুলও ছাড় দেওয়া হবে না। সরকারি জমি ও খাল দখলমুক্ত করতে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হবে।”
কৃষকদের কথা বিবেচনা করে খালগুলোর নাব্যতা ফিরিয়ে আনার প্রতিশ্রুতিও দেন তিনি। এছাড়া হাটহাজারী বাসস্ট্যান্ড থেকে চৌধুরীহাট, বড়দিঘীর পাড় ও অক্সিজেন এলাকা পর্যন্ত যানজট কমাতে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে তাৎক্ষণিক ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়া হচ্ছে বলে জানান প্রতিমন্ত্রী।
হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আব্দুল্লাহ আল মুমিনের সভাপতিত্বে এ সমন্বয় সভায় উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
