দায়িত্ব পাওয়ার পরদিন বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকে যোগ দিয়েছেন নতুন গভর্নর মো. মোস্তাকুর রহমান। বেলা ১০টা ৪০ মিনিটে তিনি কেন্দ্রীয় ব্যাংকে পৌঁছালে ফুল দিয়ে তাকে স্বাগত জানান ডেপুটি গভর্নর ও গভর্নর কার্যালয়ের কর্মকর্তারা।
এ সময় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি সংক্ষেপে বলেন, “আগে কাজ করি তারপরে কথা বলব। যোগদান করি…”
উল্লেখ্য, বুধবার অর্থনীতিবিদ আহসান এইচ মনসুরকে সরিয়ে পোশাক শিল্পের ব্যবসায়ী মোস্তাকুর রহমানকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে চার বছরের জন্য নিয়োগ দেয় সরকার। এর মধ্য দিয়ে বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো একজন ব্যবসায়ী এই গুরুত্বপূর্ণ পদে আসীন হলেন। এর আগে ব্যাংকার, অর্থনীতিবিদ ও আমলাদের মধ্য থেকেই গভর্নর নিয়োগ দেওয়া হতো।
নতুন গভর্নরের পটভূমি
নবনিযুক্ত গভর্নর মোস্তাকুর রহমান হেরা সোয়েটার্স গার্মেন্টের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা। ১৯৬৬ সালে ঢাকায় জন্ম নেওয়া এই ব্যবসায়ীর বাড়ি নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নে।
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অ্যাকাউন্টিংয়ে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। পরে ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি) থেকে এফসিএমএ ডিগ্রি লাভ করেন। প্রায় তিন দশকের বেশি সময় ধরে তিনি করপোরেট ফিন্যান্স, রপ্তানি ও আর্থিক ব্যবস্থাপনা নিয়ে কাজ করছেন।
ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ছিলেন তিনি। তার বড় ভাই মো. মোস্তাফিজুর রহমান মামুন ছিলেন থানা বিএনপির সিনিয়র সহসভাপতি।
পেশাগত অভিজ্ঞতা
পেশাগত জীবনে তিনি পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএর বাংলাদেশ ব্যাংক বিষয়ক স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান হিসেবে ২০২৫ সালের জুলাই থেকে দায়িত্ব পালন করছিলেন।
বর্তমান অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী যখন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সভাপতি ছিলেন, সেই ১৯৯৮-২০০০ মেয়াদে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের পর্ষদ সদস্য ছিলেন মোস্তাকুর রহমান। এমআরএম সিকিউরিটিজ নামের একটি ব্রোকারেজ হাউজের প্রতিনিধি হিসেবে তিনি সিএসইর বোর্ডে বসেছিলেন।
এছাড়া তিনি আবাসন খাতের সংগঠন রিহ্যাব, ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) এবং অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশ (আটাব) এর সদস্য হিসেবে বিভিন্ন কমিটিতে কাজ করেছেন।
বিদায়ী গভর্নর প্রসঙ্গ
গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ২০২৪ সালের ১৪ আগস্ট অন্তর্বর্তী সরকার অর্থনীতিবিদ আহসান এইচ মনসুরকে গভর্নর হিসেবে নিয়োগ দেয়। তার নেতৃত্বে ব্যাংক খাতের সংস্কারের কাজ শুরু হয়। দেড় বছরের মাথায় তার অবশিষ্ট মেয়াদ বাতিল করে বুধবার তাকে দায়িত্ব থেকে সরানো হয়।
নতুন গভর্নর হিসেবে মোস্তাকুর রহমান এর আগে ব্যাংকিং খাতে আস্থা ফিরিয়ে আনা ও সুদের হার কমানোর অগ্রাধিকারের কথা বলেছেন।
