সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত বাংলাদেশি প্রবাসী মোশাররফ হোসেনের মরদেহ দেশে পৌঁছেছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মরদেহ গ্রহণ শেষে সরকারের পক্ষ থেকে নিহতের পরিবারের পাশে থাকার আশ্বাস দেওয়া হয়েছে।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, মধ্যপ্রাচ্যের চলমান অস্থির পরিস্থিতিতে প্রবাসীদের নিরাপত্তা ও কল্যাণে সরকার সর্বদা কাজ করছে এবং ভবিষ্যতেও তাদের পাশে থাকবে। তিনি জানান, সরকারি বিধি অনুযায়ী নিহতের পরিবারকে সব ধরনের প্রাপ্য সহায়তা দেওয়া হবে।
মন্ত্রী আরও বলেন, নিহত মোশাররফ হোসেনের দুই সন্তানের পড়াশোনার ব্যয় বহন করবে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। পাশাপাশি, যুদ্ধ পরিস্থিতি স্বাভাবিক হলে যারা পুনরায় বিদেশে কর্মস্থলে ফিরতে চান, তাদের জন্যও সহযোগিতা অব্যাহত থাকবে।
মরদেহ হস্তান্তরের সময় তাৎক্ষণিক দাফন কার্য সম্পন্নের জন্য পরিবারের হাতে ৫০ হাজার টাকার একটি চেক তুলে দেওয়া হয়। এছাড়া ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের পক্ষ থেকে ঈদের পর আরও তিন লাখ টাকা অনুদান দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।
এসময় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান বলেন, নিহতের পরিবারের জন্য সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ সহায়তা নিশ্চিত করা হবে।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম জানান, মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতে বিভিন্ন দেশে অবস্থানরত বাংলাদেশি প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিতে পররাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সব সংস্থা সমন্বিতভাবে কাজ করছে।
মরদেহ গ্রহণের সময় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
