পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে নৌপথে যাত্রী চলাচলের শেষ সময়ের পরিস্থিতি সরেজমিনে দেখতে রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনাল পরিদর্শন করেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান।
পরিদর্শনের সময় তিনি বিভিন্ন লঞ্চে উঠে যাত্রীদের সঙ্গে কথা বলেন এবং যাত্রী পরিবহনের বাস্তব অবস্থা পর্যবেক্ষণ করেন। অতিরিক্ত যাত্রী বহনের প্রবণতা রোধে তিনি সংশ্লিষ্টদের কঠোর নির্দেশনা দেন এবং কয়েকটি লঞ্চকে নির্ধারিত আসনসংখ্যা অনুযায়ী যাত্রী নিয়ে ছেড়ে যাওয়ার নির্দেশ দেন।
ঈদযাত্রায় নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিমন্ত্রী স্পষ্ট করে বলেন, কোনোভাবেই ধারণক্ষমতার বেশি যাত্রী নেওয়া যাবে না। যাত্রীদের স্বস্তি ও নিরাপত্তা বিবেচনায় এই নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়নের ওপর জোর দেন তিনি।
ঘাট ব্যবস্থাপনায় নিয়োজিত কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্বশীল ভূমিকার প্রশংসা করে প্রতিমন্ত্রী জানান, ঈদের পর ফেরার সময়েও একইভাবে সতর্ক থাকতে হবে।
আইনশৃঙ্খলা বাহিনীসহ সংশ্লিষ্ট সব সংস্থাকে সমন্বয়ের মাধ্যমে কাজ করার নির্দেশ দিয়ে তিনি বলেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় নৌপথের যাত্রা নিরাপদ ও শৃঙ্খলাপূর্ণ রাখা সম্ভব।
সাংবাদিকদের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, নৌপথে যাত্রী পরিবহন সংক্রান্ত তথ্য প্রচার ও জনসচেতনতা তৈরিতে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এ সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।
