২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল আগামীকাল রোববার প্রকাশ করা হবে। আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণার পর শিক্ষার্থী ও অভিভাবকেরা অনলাইন এবং মোবাইল এসএমএসের মাধ্যমে ফল জানতে পারবেন।
ফলাফল প্রকাশ উপলক্ষে রোববার দুপুরে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। এতে প্রাথমিক ও গণশিক্ষা এবং শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন উপস্থিত থাকবেন।
এর আগে গত বৃহস্পতিবার ফল প্রকাশের কথা থাকলেও তা স্থগিত করা হয়। প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫-এর ফল ৮ জুলাই প্রস্তুত করা হলেও আনুষ্ঠানিক প্রকাশের আগেই ঢাকা বিভাগের ৯ জেলার ফলাফল ওয়েব পোর্টালে আপলোড হয়ে যায়। পরে ওই লিংক থেকে অনেকেই ফল সংগ্রহ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিলে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।
এ ঘটনায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী মেইনটেন্যান্স কর্মকর্তা মো. মেহতাব কায়েসকে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা অনুযায়ী সাময়িক বরখাস্ত করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। পাশাপাশি পুরো ঘটনার কারণ অনুসন্ধানে একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে।
এ বছর মোট ৮২ হাজার ৫০০ শিক্ষার্থী বৃত্তি পাবে। এর মধ্যে ৮০ শতাংশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এবং ২০ শতাংশ বেসরকারি প্রাথমিক বিদ্যালয় বা কিন্ডারগার্টেনের শিক্ষার্থী। বৃত্তিপ্রাপ্তরা ‘ট্যালেন্টপুল’ ও ‘সাধারণ গ্রেড’—এই দুই ক্যাটাগরিতে আর্থিক সুবিধা পাবে।
দেশের ৬১ জেলায় ১৫ থেকে ১৮ এপ্রিল ২০২৬ পর্যন্ত প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। আর পার্বত্য তিন জেলা—রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে বিশেষ সময়সূচি অনুযায়ী ১৭ থেকে ২০ এপ্রিল পরীক্ষা নেওয়া হয়।
এ বছর পরীক্ষায় অংশ নেয় ৬ লাখ ৪০ হাজারের বেশি শিক্ষার্থী। এর মধ্যে প্রায় সাড়ে ৫ লাখ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এবং প্রায় ৯০ হাজার বেসরকারি প্রাথমিক বিদ্যালয় বা কিন্ডারগার্টেনের শিক্ষার্থী।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর জানিয়েছে, ফল প্রকাশের পর আইপিইএমআইএস (IPEMIS) পোর্টালের মাধ্যমে অনলাইনে ফল দেখা যাবে। এছাড়া মোবাইল এসএমএসের মাধ্যমেও ফল জানা যাবে।
