ভুয়া উপদেষ্টা পরিচয়ে প্রতারণা: যৌথ অভিযানে কক্সবাজারে আটক এক ব্যক্তি

প্রধানমন্ত্রীর উপদেষ্টা পরিচয় ব্যবহার করে প্রতারণার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। রাজধানীর গোয়েন্দা পুলিশ (ডিবি), কাউন্টার টেররিজম ইউনিট (সিটিটিসি) এবং কক্সবাজার জেলা পুলিশের সমন্বিত অভিযানে তাকে আটক করা হয়।

রবিবার গভীর রাতে কক্সবাজারের চকরিয়া এলাকা থেকে আরিফ মাঈনুদ্দিন (৫০) নামে ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, তিনি নিজেকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের প্রতারণামূলক কার্যক্রম চালিয়ে আসছিলেন।

তদন্তে জানা গেছে, তিনি একটি জাল সরকারি প্রজ্ঞাপন তৈরি করে দাবি করেন যে, তাকে প্রতিমন্ত্রীর মর্যাদায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এই ভুয়া নথিতে বেতন-ভাতা ও অন্যান্য সুবিধার কথাও উল্লেখ ছিল, যা ব্যবহার করে তিনি বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছে নিজেকে প্রভাবশালী হিসেবে উপস্থাপন করতেন।

শুধু তাই নয়, সরকারি লোগো ও প্যাড নকল করে আরও একটি ভুয়া গেজেট তৈরি করেন তিনি, যেখানে নিজেকে বিশেষভাবে স্বীকৃত ব্যক্তি হিসেবে উল্লেখ করে বিভিন্ন সুবিধা পাওয়ার দাবি তোলা হয়। এ ধরনের পরিচয় ব্যবহার করে তিনি ‘গুম কল্যাণ ট্রাস্ট’ নামে একটি সংগঠনের সদস্য সচিব পরিচয় দিয়ে মানুষের কাছ থেকে অর্থ আদায়ের অভিযোগও রয়েছে।

অভিযান চলাকালে তার কাছ থেকে জাল প্রজ্ঞাপন, প্রধানমন্ত্রীর সঙ্গে ছবি সংবলিত ভিজিটিং কার্ড এবং মোবাইল ফোন উদ্ধার করা হয়। এসব আলামত তার প্রতারণামূলক কর্মকাণ্ডের প্রমাণ হিসেবে বিবেচনা করা হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

বর্তমানে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে এবং এ ঘটনায় আরও কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।