বাংলাদেশের সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি ও ভবিষ্যৎ সহযোগিতা নিয়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)-এর এশিয়া ও প্যাসিফিক অঞ্চলের পরিচালক কৃষ্ণা শ্রীনিবাসন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন।
মঙ্গলবার (২৪) মার্চ সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বৈঠকে দেশের অর্থনৈতিক অগ্রগতি, চলমান চ্যালেঞ্জ এবং আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের বিষয়গুলো গুরুত্ব পায়।
প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি এ সাক্ষাতের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বৈঠকটি ছিল সৌহার্দ্যপূর্ণ এবং উভয় পক্ষই পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে ইতিবাচক মত প্রকাশ করেন।
এ সময় বৈঠকে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, প্রধানমন্ত্রীর অর্থ বিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর এবং অর্থ সচিব ড. মো. খায়রুজ্জামান মজুমদার। তারা দেশের অর্থনৈতিক নীতিমালা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও মতবিনিময় করেন।
