সংসদের বিশেষ কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত, একাধিক অধ্যাদেশ খতিয়ে দেখার সিদ্ধান্ত

জাতীয় সংসদের গঠিত বিশেষ কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে, যেখানে অন্তর্বর্তী সময়ে জারি হওয়া বিভিন্ন গুরুত্বপূর্ণ অধ্যাদেশ পর্যালোচনার প্রক্রিয়া শুরু হয়েছে।

মঙ্গলবার (২৪ মার্চ)  জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি জয়নুল আবেদিন এমপি।

বৈঠকে কমিটির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এমপি, চিফ হুইপ মো. নুরুল ইসলাম এমপি, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান এমপি, ড. মুহাম্মদ ওসমান ফারুক এমপি, এ. এম. মাহবুব উদ্দিন এমপি, জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী এমপি, মুহাম্মদ নওশাদ জমির এমপি, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন এমপি, মো. মুজিবুর রহমান এমপি, মো. রফিকুল ইসলাম খান এমপি এবং জি. এম. নজরুল ইসলাম এমপি।

বৈঠকের সূচনায় ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ছাত্র-জনতার স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং তাদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়।

এরপর অন্তর্বর্তী সরকারের সময়ে জারি হওয়া বিভিন্ন অধ্যাদেশ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। আলোচনায় স্থান পায় দুর্নীতি দমন কমিশন সংশোধন, বিশেষ নিরাপত্তা বাহিনী সংশোধন, মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষ, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ সংশোধন, বৈদেশিক অনুদান সংক্রান্ত বিধিমালা সংশোধন, বেসরকারি রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল রহিতকরণ, সরকারি চাকরিতে নিয়োগের বয়সসীমা নির্ধারণ ও সংশোধন, সন্ত্রাসবিরোধী আইন সংশোধন, গুম প্রতিরোধ ও প্রতিকার এবং এর সংশোধনী, পুলিশ কমিশন, মানব পাচার প্রতিরোধ, ভূমি ব্যবহার নিয়ন্ত্রণ, বন ও বন্যপ্রাণী সংরক্ষণ, নারী ও শিশু নির্যাতন দমন সংশোধন, বেসামরিক বিমান চলাচল, ট্রাভেল এজেন্সি নিয়ন্ত্রণ, মৎস্য সংরক্ষণ, শিল্পকলা একাডেমি সংশোধন, যুব উন্নয়ন ইনস্টিটিউট সংশোধন, ক্রীড়া পরিষদ সংশোধন, বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ ট্রাস্ট সংশোধন, নভোথিয়েটার সংশোধনসহ বিভিন্ন খাতের অধ্যাদেশ।

এছাড়াও বরিশাল, ময়মনসিংহ ও রংপুর উন্নয়ন কর্তৃপক্ষ সংক্রান্ত অধ্যাদেশ এবং স্থানিক পরিকল্পনা বিষয়ক অধ্যাদেশ নিয়েও আলোচনা হয়।

বৈঠকে সিদ্ধান্ত হয়, পরবর্তী সভায় অবশিষ্ট অধ্যাদেশগুলো পর্যালোচনা করা হবে। একই সঙ্গে প্রতিটি অধ্যাদেশের প্রয়োজনীয়তা ও যৌক্তিকতা যাচাই করে দ্রুত একটি প্রতিবেদন প্রস্তুত করে তা জাতীয় সংসদে উপস্থাপন করা হবে।

সভায় জাতীয় সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।